বিধানসভা ভোটের প্রাক্কালে প্রার্থী বাছাই প্রক্রিয়ায় নতুন উদ্যোগ নিল তৃণমূল কংগ্রেস। দলের রাজ্য দপ্তরে রাখা হল বিশেষ ‘ড্রপ বক্স’। সেখানে বায়োডেটা জমা দিয়ে যেতে পারেন যে কেউ, যাঁরা আসন্ন বিধানসভা নির্বাচনে দলের প্রার্থী হতে আগ্রহী।
সোমবার থেকেই এই বক্স রাখা হয়েছে। নির্বাচনি নির্ঘণ্ট প্রকাশের আগে পর্যন্ত তা থাকবে বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এরপর জমা পড়া বায়োডেটা খতিয়ে দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবে দলের শীর্ষ নেতৃত্ব।
শীর্ষ নেতৃত্বের নজরে প্রার্থী নির্বাচন
দলীয় অন্দরে ইতিমধ্যেই শুরু হয়েছে প্রার্থী বাছাই সংক্রান্ত আলোচনা। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সব দিকের খোঁজখবর নিচ্ছেন বলে সূত্রের দাবি।
এছাড়াও তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক জেলার ভিত্তিতে তথ্য সংগ্রহ করছে। বিধানসভা ভিত্তিক একটি বিশদ রিপোর্ট জমা পড়বে মমতা ও অভিষেকের কাছে। বর্তমান বিধায়কদের গত পাঁচ বছরের পারফরম্যান্স, সাংগঠনিক কার্যকলাপ ও জনসংযোগ—সব কিছুই পর্যালোচনার আওতায় রয়েছে।
নতুন মুখের সন্ধান
দলীয় সূত্রে খবর, শুধু বর্তমান বিধায়ক নন, সম্ভাব্য নতুন মুখের খোঁজও চলছে জোরকদমে। ড্রপ বক্সে জমা পড়া বায়োডেটাগুলিও গুরুত্ব দিয়ে দেখা হবে। যোগ্যতা, জনভিত্তি ও সাংগঠনিক গ্রহণযোগ্যতার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে ইঙ্গিত।
উল্লেখযোগ্য বিষয়, কোন এলাকা থেকে কারা গিয়ে তৃণমূল ভবনে বায়োডেটা জমা দিচ্ছেন, সে দিকেও নজর রাখছেন বর্তমান অনেক বিধায়ক। তবে রাজ্য নেতৃত্বের বক্তব্য, তৃণমূলে গণতান্ত্রিক পরিবেশ রয়েছে। যে কেউ নিজের মতামত, আবেদন বা বায়োডেটা জমা দিতেই পারেন।
কবে নির্ঘণ্ট?
রাজনৈতিক মহলের ধারণা, মার্চের শুরুর দিকেই নির্বাচনি নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তার কয়েক দিনের মধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করতে পারে তৃণমূল কংগ্রেস।
ভোটের আগে সংগঠনকে চাঙ্গা রাখা এবং প্রার্থী নির্বাচনে স্বচ্ছতার বার্তা দিতেই এই উদ্যোগ বলে মনে করছে রাজনৈতিক মহল।