ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে বাংলার মন জয় করতে মরিয়া বিজেপি। এবার ‘জয় মা কালী’ স্মরণ করে রাজ্যের ঘরে ঘরে চিঠি পাঠালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুর্নীতি ও অপশাসনের অভিযোগ তুলে ‘বিকশিত পশ্চিমবঙ্গ’ গড়ার আহ্বান জানানো হয়েছে ওই চিঠিতে।
চিঠির শুরুতেই ‘জয় মা কালী’ উচ্চারণ। গত এগারো বছরে বাংলা নাকি একাধিক ক্ষেত্রে বঞ্চনার শিকার—এমন অভিযোগ তুলে কর্মসংস্থান ও নারী নিরাপত্তা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। পাশাপাশি দাবি করা হয়েছে, কেন্দ্রীয় প্রকল্পগুলির সুবিধা থেকে রাজ্যবাসীকে ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করা হচ্ছে।
তবে চিঠিতে কেন্দ্রের একাধিক প্রকল্প—জনধন যোজনা, স্বচ্ছ ভারত অভিযান, অটল পেনশন যোজনা, উজ্জ্বলা যোজনার সুবিধা বাংলার মানুষের কাছে পৌঁছে দেওয়ার কথাও তুলে ধরা হয়েছে। বিশেষভাবে উল্লেখ রয়েছে সিএএ-র। রাজনৈতিক মহলের মতে, এসআইআর-কে ঘিরে বিতর্কের আবহে সিএএ প্রসঙ্গ তুলে বিজেপি হারানো জমি ফেরানোর কৌশল নিয়েছে।
চিঠিতে আরও একটি তাৎপর্যপূর্ণ দিক হল মনীষীদের নামোল্লেখ। রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু, ঋষি অরবিন্দ, স্বামী বিবেকানন্দ—বাংলার গর্বের ব্যক্তিত্বদের উল্লেখ করে ‘অপশাসন’-এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বার্তা দেওয়া হয়েছে। বিজেপির বিরুদ্ধে মনীষীদের অসম্মানের অভিযোগ তুলেছে শাসকদল। সেই প্রেক্ষিতে এই নামোল্লেখকে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
তবে এই চিঠি আদৌ ভোটমুখী বঙ্গবাসীর মনে প্রভাব ফেলতে পারবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠছে। তৃণমূল শিবির অবশ্য আত্মবিশ্বাসী—এই বার্তায় বিশেষ লাভ হবে না বলেই তাদের দাবি। গত কয়েকটি নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেনি বিজেপি। ফলে আসন্ন বিধানসভা নির্বাচন পদ্মশিবিরের কাছে বড় পরীক্ষা। মোদী-শাহদের বঙ্গ সফর কিংবা এই চিঠি—কতটা ফলপ্রসূ হবে, তা সময়ই বলবে।