প্রথম পাতা খবর দুধ কিনতে বেরিয়ে নিখোঁজ জাতীয় স্তরের শুটার দময়ন্তী, হাওড়া স্টেশনের সিসিটিভিতে শেষ দেখা

দুধ কিনতে বেরিয়ে নিখোঁজ জাতীয় স্তরের শুটার দময়ন্তী, হাওড়া স্টেশনের সিসিটিভিতে শেষ দেখা

8 views
A+A-
Reset

প্রয়োজনীয় কিছু জিনিস কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল ১৫ বছরের জাতীয় স্তরের রাইফেল শুটার দময়ন্তী সেন। তারপর থেকেই নিখোঁজ সে। পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে হাওড়া থানার পুলিশ। ইতিমধ্যে হাওড়া স্টেশনের সিসিটিভি ফুটেজে দময়ন্তীকে দেখা গিয়েছে। তবে তার পর কোথায় গিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মধ্য হাওড়ার উমাচরণ ভট্টাচার্য লেনের বাসিন্দা দময়ন্তী বৃহস্পতিবার সকালে দুধ কিনতে বাড়ি থেকে বেরিয়েছিল। দীর্ঘ সময় কেটে গেলেও সে আর বাড়ি ফেরেনি। আত্মীয়-পরিজন ও পরিচিতদের কাছে খোঁজ করেও কোনও সন্ধান না মেলায় পরিবারের পক্ষ থেকে হাওড়া থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। পরে পুলিশ একটি নিখোঁজের মামলাও রুজু করে তদন্ত শুরু করে।

তদন্তে নেমে পুলিশ হাওড়া স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে। সেখানে দেখা যায়, চার ও পাঁচ নম্বর প্ল্যাটফর্মের মাঝামাঝি এলাকায় একা ঘোরাফেরা করছে দময়ন্তী। কিছুক্ষণ পরে সে সিসিটিভির নজরের বাইরে চলে যায়। এরপর সে কোথায় গিয়েছে, তা জানতে স্টেশন ও আশপাশের আরও সিসিটিভি ফুটেজ পরীক্ষা করছেন তদন্তকারীরা।

পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি জাতীয় দলের ট্রায়ালে অংশ নেওয়ার সুযোগ পেয়েছিল দময়ন্তী। প্রতিদিন ভোরে তার নিয়মিত অনুশীলন থাকত। বুধবার রাতেও সে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিল। মোবাইল ফোনও তার কাছেই ছিল। পরিবারের দাবি, বাড়িতে কোনও অশান্তি বা বিবাদের ঘটনাও ঘটেনি। ফলে আচমকা তার নিখোঁজ হয়ে যাওয়ার কারণ নিয়ে ধন্দে রয়েছেন পরিবারের সদস্যরা।

এদিকে মেয়েকে দ্রুত খুঁজে পেতে পরিবারের সদস্যরা সামাজিক মাধ্যমেও আবেদন জানিয়েছেন। দময়ন্তীর খোঁজে পুলিশি তল্লাশি জোরদার হয়েছে। উদ্বিগ্ন তাঁর পরিবার, সতীর্থ ও প্রতিবেশীরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.