কলকাতা: ক্যামাক স্ট্রিটে তৃণমূলের দফতর খালি করার জন্য দমকল বিভাগের দেওয়া নোটিস খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি কৃষ্ণ রাওয়ের বেঞ্চ নির্দেশ দিয়েছে, কালীঘাট তৃণমূলকে নতুন করে নোটিস দিয়ে ফের দফতর পরিদর্শন করবে দমকল।
আদালতের নির্দেশ, নতুন নোটিসে দমকলকে পরিদর্শনের দিন ও সময় জানাতে হবে। পরিদর্শনের পর অগ্নিনিরাপত্তার ক্ষেত্রে কোথায় কী ঘাটতি রয়েছে এবং তা পূরণ করতে কী কী ব্যবস্থা প্রয়োজন, তা তৃণমূলকে জানাতে হবে। সেই নির্দেশিকা মেনে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা করতে হবে দলকে। নির্দেশিকা না মানলে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ করতে পারবে দমকল।
৯, ক্যামাক স্ট্রিটের সপ্তম ও অষ্টম তলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দফতর রয়েছে। এর আগে ওই ভবনে বিলবোর্ড সরানোকে কেন্দ্র করে কলকাতা পুরসভার আধিকারিকদের সঙ্গে অভিষেক-অনুগামীদের বচসা ও হাতাহাতির অভিযোগ ওঠে। তার পরেই ভবনটি পরিদর্শন করে দমকল।
পরিদর্শনের পর দমকলের তরফে ভবনের মালিককে নোটিস দিয়ে অভিযোগ করা হয়, সংশ্লিষ্ট দুই তলায় প্রয়োজনীয় অগ্নিনিরাপত্তা ব্যবস্থা যথাযথ নেই। সেই কারণে ওই অংশ খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। পরে ভবন মালিকপক্ষও অভিষেকের দফতর খালি করার কথা জানায়।
মামলার শুনানিতে অভিষেকের আইনজীবী কিশোর দত্তের দাবি ছিল, অগ্নিনিরাপত্তা সংক্রান্ত ত্রুটিগুলি মূলত ভবন মালিকের দায়িত্বের মধ্যে পড়ে। সপ্তম তলায় পাওয়া গ্যাসের সিলিন্ডারও সরিয়ে ফেলা হয়েছে বলে আদালতে জানানো হয়।
অন্যদিকে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিত মিত্রের বক্তব্য ছিল, ওই তলাগুলিতে একাধিক অগ্নিনিরাপত্তা বিধি মানা হয়নি। ফায়ার অ্যালার্ম কাজ না করা এবং অন্যান্য তলার তুলনায় স্প্রিংকলারের সংখ্যা কম থাকার বিষয়টিও আদালতে তুলে ধরা হয়।
এর আগে ১১ সেপ্টেম্বর দমকলের নোটিস কার্যকর করার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল হাই কোর্ট। ১৬ সেপ্টেম্বর মামলার পরবর্তী শুনানিতে সেই নোটিসই খারিজ করা হল। তবে অগ্নিনিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার বিষয়টি বহাল থাকল।