নয়াদিল্লি: ইউপিআই লেনদেনের ক্ষেত্রে নতুন মাশুল কাঠামো চালু করতে চলেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই)। আগামী ১৫ অক্টোবর থেকে ২,০০০ টাকার বেশি মূল্যের নির্দিষ্ট ব্যবসায়িক ইউপিআই লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর প্রযোজ্য হবে। তবে সাধারণ গ্রাহকদের ইউপিআই লেনদেনে কোনও মাশুল বসছে না। ২,০০০ টাকা পর্যন্ত লেনদেনও আগের মতোই বিনামূল্যে থাকবে।
মঙ্গলবার নতুন এমডিআর কাঠামো প্রকাশ করেছে এনপিসিআই। নির্দিষ্ট ব্যবসায়িক লেনদেনে সর্বোচ্চ ০.৪ শতাংশ পর্যন্ত এমডিআর নেওয়া হবে। তবে এই মাশুল গ্রাহকের কাছ থেকে নেওয়া যাবে না। অর্থাৎ কোনও দোকান বা ব্যবসায়ীর কাছে ইউপিআইয়ের মাধ্যমে টাকা দেওয়ার সময় এই মাশুলের দায় সরাসরি গ্রাহকের উপর পড়বে না।
নতুন নিয়মে ছোট ব্যবসায়ীদের জন্য বিশেষ ছাড়ও রাখা হয়েছে। কিউআর কোডের মাধ্যমে প্রতি মাসে ১ লক্ষ টাকা পর্যন্ত আয় করা ব্যবসায়ীদের কোনও এমডিআর দিতে হবে না।
অন্য দিকে, রেল, টেলিকম, বিমা, জ্বালানি এবং কৃষি উপকরণের মতো নির্দিষ্ট ক্ষেত্রে ২,০০০ টাকার বেশি লেনদেনে প্রতি লেনদেনে ৫ টাকা করে মাশুল প্রযোজ্য হবে। মিউচুয়াল ফান্ড, সিকিউরিটিজ, স্টক ব্রোকার ও ডিলারদের দেওয়া পেমেন্টের ক্ষেত্রে এমডিআরের হার রাখা হয়েছে ০.০২ শতাংশ।
উচ্চমূল্যের অন্যান্য ব্যবসায়িক ইউপিআই লেনদেনেও এমডিআর প্রযোজ্য হবে। তবে ৭৫,০০০ টাকা বা তার বেশি মূল্যের লেনদেনে প্রতি লেনদেনে মাশুলের সর্বোচ্চ সীমা ৩০০ টাকা রাখা হয়েছে। এই কমিশন পেমেন্ট ব্যবস্থার সঙ্গে যুক্ত ব্যাঙ্ক, অ্যাপ প্রদানকারী এবং অন্যান্য অংশীদারদের মধ্যে ভাগ হবে।
গ্রাহকদের জন্য স্বস্তি
ইউপিআইয়ে মাশুল নিয়ে জল্পনার মধ্যেই সোমবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রক স্পষ্ট করে দিয়েছিল, ২,০০০ টাকা পর্যন্ত ইউপিআই লেনদেনে গ্রাহকের কাছ থেকে কোনও মাশুল নেওয়া যাবে না। রুপে ডেবিট কার্ডের লেনদেনও এই চার্জ নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।
ফলে নতুন কাঠামোয় মূলত নির্দিষ্ট ব্যবসায়িক লেনদেনেই মাশুল বসবে। দৈনন্দিন কেনাকাটা বা ছোট অঙ্কের টাকা পাঠানোর ক্ষেত্রে সাধারণ গ্রাহকদের ইউপিআই পরিষেবা বিনামূল্যেই থাকছে।