প্রথম পাতা খবর ৩৪ হাজার ফুট উচ্চতায় ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরি দিয়ে হামলার অভিযোগ, জরুরি অবতরণ সৌদিতে

৩৪ হাজার ফুট উচ্চতায় ককপিটে দুই পাইলটের মারামারি, ছুরি দিয়ে হামলার অভিযোগ, জরুরি অবতরণ সৌদিতে

13 views
A+A-
Reset

আকাশে প্রায় ৩৪ হাজার ফুট উচ্চতায় উড়ছিল বিমান। আচমকাই ককপিট থেকে ভেসে আসে চিৎকার। অভিযোগ, দুই পাইলটের মধ্যে শুরু হয় তুমুল মারামারি এবং এক পাইলট অন্য জনকে ছুরি দিয়ে আঘাত করেন। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে বিমানটি দ্রুত উচ্চতা হারিয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হয় সৌদি আরবের তাবুক বিমানবন্দরে। ঘটনাটি ঘটেছে দুবাই থেকে তেল আভিভগামী ফ্লাইদুবাইয়ের FZ1073 বিমানে।

প্রকাশিত রিপোর্ট অনুযায়ী, বিমানটি প্রায় ৩৩-৩৪ হাজার ফুট উচ্চতায় থাকার সময় আচমকা প্রায় ১৭ হাজার ফুট নীচে নেমে যায়। বিমান থেকে জরুরি সংকেতও পাঠানো হয়। কিছু সময়ের জন্য সম্ভাব্য বিমান ছিনতাইয়ের আশঙ্কা তৈরি হওয়ায় ইজরায়েলি যুদ্ধবিমানও আকাশে পাঠানো হয়েছিল। পরে বিমানটি তাবুকে নিরাপদে অবতরণ করে।

যাত্রীদের কয়েক জনের বক্তব্য অনুযায়ী, ককপিটের দিক থেকে চিৎকার শুনে তাঁরা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ককপিটের দরজা খোলা হলে সেখানে রক্তাক্ত এক পাইলটকে দেখতে পান বলে দাবি করেছেন এক যাত্রী। এক পাইলটকে পকেট-ছুরি দিয়ে আঘাত করার অভিযোগও সামনে এসেছে। তবে ছুরি দিয়ে হামলার বিষয়টি এখনও তদন্তাধীন এবং সমস্ত তথ্য সরকারি ভাবে নিশ্চিত হয়নি।

ঘটনার সময় বিমানে থাকা কয়েক জন যাত্রী পাইলট ছিলেন বলে বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে। তাঁরাই পরিস্থিতি সামাল দিতে কেবিন ক্রুদের সঙ্গে সহযোগিতা করেন বলে জানা যাচ্ছে। শেষ পর্যন্ত বিমানটি তাবুকে অবতরণ করে। সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, দুই পাইলটই আহত হয়েছেন এবং তাঁদের হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। যাত্রীদেরও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হয়েছে।

ইজরায়েলি কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে ঘটনাটিকে গুরুতর নিরাপত্তা-ঘটনা হিসেবে দেখছে। কয়েকটি ইজরায়েলি সূত্রে সম্ভাব্য সন্ত্রাসবাদী হামলার আশঙ্কার কথাও বলা হয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ এবং পাইলটদের মধ্যে সংঘর্ষের পিছনে কী ছিল, তা এখনও তদন্তাধীন।

ফ্লাইদুবাই জানিয়েছে, FZ1073 বিমানটি তাবুকে নিরাপদে অবতরণ করেছে এবং সমস্ত যাত্রী নিরাপদে রয়েছেন। ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে তারা কাজ করছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.