রাজ্যের শিক্ষক বদলি নীতিতে বড়সড় পরিবর্তন আনার কথা ভাবছে রাজ্য সরকার। নতুন বদলি নীতি তৈরির বিষয়ে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের শীর্ষস্তরে আলোচনা শুরু হয়েছে বলে জানা গিয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে বদলে যেতে পারে উৎসশ্রী পোর্টাল-সহ শিক্ষক বদলির একাধিক পুরনো বিধি।
২০১২ সালের মিউচুয়াল ট্রান্সফার, ২০১৫ সালের জেনারেল ও স্পেশাল গ্রাউন্ড এবং ২০১৮ সালের বদলি সংক্রান্ত বিধিতে পরিবর্তন আনার পরিকল্পনা রয়েছে। নতুন নীতিতে শিক্ষকদের আগের মতো পছন্দের তিনটি স্কুল বেছে নেওয়ার সুযোগ নাও থাকতে পারে।
শিক্ষক-পড়ুয়ার অনুপাতকে গুরুত্ব
নতুন বদলি নীতিতে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক ও পড়ুয়ার সংখ্যার অনুপাতকে বিশেষ গুরুত্ব দেওয়ার পরিকল্পনা রয়েছে। গ্রাম ও শহরের স্কুলগুলির মধ্যে শিক্ষক-পড়ুয়ার সংখ্যার ভারসাম্য ফেরানোই এই উদ্যোগের অন্যতম লক্ষ্য।
কোনও স্কুলে প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষক রয়েছেন কি না, আবার কোনও স্কুলে মাত্র একজন শিক্ষক দিয়ে পঠনপাঠন চলছে কি না, বদলির সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সেই বিষয়গুলিও বিবেচনা করা হতে পারে। অর্থাৎ, শুধু শিক্ষকের ব্যক্তিগত পছন্দ নয়, স্কুলের প্রয়োজনের ভিত্তিতেও বদলির সিদ্ধান্ত নেওয়ার ভাবনা রয়েছে শিক্ষা দফতরের।
বদলির দায়িত্বে আসতে পারে শিক্ষা দফতর
শিক্ষক বদলির অনুমোদনের ক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনের পরিবর্তে শিক্ষা দফতরকে সরাসরি দায়িত্ব দেওয়ার বিষয়েও চিন্তাভাবনা চলছে। পাশাপাশি অতিরিক্ত শিক্ষক বা ‘সারপ্লাস টিচার’ সংক্রান্ত নতুন নির্দেশিকা এবং স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে।
তবে নতুন নীতিতে বদলির ক্ষেত্রে লক-ইন পিরিয়ড কতদিন হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। জানা গিয়েছে, প্রস্তাবিত নির্দেশিকা নিয়ে আইনি পরামর্শ নেওয়া হবে। তার পর নতুন নীতিতে অনুমোদন দিয়ে আনুষ্ঠানিক ঘোষণা করতে পারে রাজ্য সরকার।
সবকিছু পরিকল্পনামাফিক এগোলে চলতি বছরের মধ্যেই নতুন শিক্ষক বদলি বিধি জারি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত প্রস্তাবিত নিয়মগুলিই আলোচনার পর্যায়ে থাকছে।