প্রথম পাতা খবর সোমবারই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বঙ্গোপসাগরের নিম্নচাপ! বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

সোমবারই ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বঙ্গোপসাগরের নিম্নচাপ! বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

15 views
A+A-
Reset

বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। আবহাওয়ার পরিস্থিতি অনুকূলে থাকলে সোমবার সন্ধ্যার মধ্যেই তা ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়ের প্রভাবে আগামী সপ্তাহে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃষ্টির পাশাপাশি কমতে পারে রাতের তাপমাত্রাও।

আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চলটি শনিবারের মধ্যে আরও শক্তিশালী ও সুস্পষ্ট হতে পারে। ওই এলাকার উপর থাকা ঘূর্ণাবর্তটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ৫.৮ কিলোমিটার উচ্চতায় বিস্তৃত। রবিবার নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপর উত্তর-উত্তর পশ্চিম দিকে এগিয়ে সেটি শক্তি বাড়াতে পারে। সব পরিস্থিতি অনুকূলে থাকলে সোমবার সন্ধ্যায় মধ্য বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে নিম্নচাপটি। সম্ভাব্য ঘূর্ণিঝড়ের নাম ‘আকবন’ (Akvan)।

কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে?

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ এবং স্থলভাগে তার প্রভাব নিয়ে এখনও নিশ্চিতভাবে কিছু জানায়নি হাওয়া অফিস। তবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার থেকেই উপকূলবর্তী কয়েকটি জেলায় আবহাওয়ার পরিবর্তন হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিধি বাড়তে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এই জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়ের প্রভাব কেটে যাওয়ার পর দক্ষিণবঙ্গে ফের শুষ্ক আবহাওয়া ফিরে আসতে পারে।

দুই থেকে তিন ডিগ্রি নামতে পারে পারদ

বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি রাজ্যে তাপমাত্রা কমার পূর্বাভাসও রয়েছে। উত্তরবঙ্গে আগামী দু’দিনে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। পরবর্তী চার দিনে তাপমাত্রার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। অন্যদিকে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

সব মিলিয়ে আগামী সপ্তাহে দক্ষিণবঙ্গের আবহাওয়ায় পরিবর্তনের সম্ভাবনা। ঘূর্ণিঝড়ের গতিপথ ও বৃষ্টির পরিস্থিতি নিয়ে পরবর্তী আপডেটের দিকে নজর রাখছে আবহাওয়া দফতর।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.