পঞ্জাবে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল ১২৫০৮ কর্মভূমি এক্সপ্রেসে। শুক্রবার দুপুরে রাজপুরা স্টেশনের কাছে সরাই বাঞ্জারা এলাকায় ট্রেনটির চারটি কামরায় আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় এখনও পর্যন্ত কোনও যাত্রীর মৃত্যুর খবর নেই বলে জানিয়েছেন অম্বালা ডিভিশনের এক সিনিয়র রেল আধিকারিক। আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।
জানা গিয়েছে, অমৃতসর থেকে শুক্রবারই রওনা হয়েছিল কর্মভূমি এক্সপ্রেস। বেলা ১টা নাগাদ ট্রেনটির ইঞ্জিনের পর পঞ্চম কামরায় প্রথম আগুন লাগে। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে পরের আরও তিনটি কামরায়।
আগুন লাগার কারণ নিয়ে প্রাথমিকভাবে ভিন্ন ভিন্ন তথ্য সামনে এসেছে। পটিয়ালার ডেপুটি কমিশনার হিমাংশু অগ্রবালের বক্তব্য, প্যান্ট্রি কার থেকে আগুন ছড়িয়ে থাকতে পারে। শর্ট সার্কিটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না। অন্যদিকে, রেল পুলিশের এসএইচও গুরপ্রীত সিংহ জানিয়েছেন, একটি কামরার পাখায় শর্ট সার্কিট থেকে আগুন লাগে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ তদন্তের পরেই নিশ্চিত হওয়া যাবে।
দুর্ঘটনার জেরে ক্ষতিগ্রস্ত কর্মভূমি এক্সপ্রেসকে আর নিউ জলপাইগুড়ি (এনজেপি) পর্যন্ত নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ট্রেনের যাত্রীদের নামিয়ে অন্য ট্রেনে তাঁদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছে রেল কর্তৃপক্ষ। তবে বিকল্প ট্রেনের ব্যবস্থা করতে কিছুটা সময় লাগতে পারে।
অগ্নিকাণ্ডের ফলে সংশ্লিষ্ট রেললাইনে অন্য ট্রেন চলাচলে কোনও প্রভাব পড়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।