প্রয়াত নদিয়ার প্রবীণ তৃণমূল নেতা তথা রাজ্য মন্ত্রিসভার প্রাক্তন সদস্য উজ্জ্বল বিশ্বাস। বুধবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৭২ বছর। দীর্ঘদিন ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছিলেন কৃষ্ণনগর দক্ষিণের প্রাক্তন বিধায়ক। গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে।
হৃদ্যন্ত্রের জটিলতা, কিডনির সমস্যা-সহ একাধিক শারীরিক অসুস্থতা নিয়ে মুকুন্দপুরের একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল উজ্জ্বলকে। সূত্রের খবর, গত ৫ অক্টোবর তাঁর বাইপাস অস্ত্রোপচার হয়। অস্ত্রোপচারের পর স্ট্রোকে আক্রান্ত হন তিনি। পরবর্তী সময়ে নিউমোনিয়া ও সেপটিক শকের মতো জটিলতা দেখা দেয়। ধীরে ধীরে একাধিক অঙ্গ বিকল হতে শুরু করে। কিডনির সমস্যার কারণে ডায়ালিসিসও চলছিল তাঁর। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টা সত্ত্বেও শেষরক্ষা হল না।
দীর্ঘ রাজনৈতিক জীবনে নদিয়ার কৃষ্ণনগর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন উজ্জ্বল। ২০১১ সালে প্রথমবার ওই কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন তিনি। পরপর তিনবার এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন। ২০১১ সালে রাজ্যে তৃণমূল সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে কারিগরি শিক্ষা ও প্রশিক্ষণ দফতরের মন্ত্রী করেন। ২০১৬ সালে মন্ত্রিসভায় জায়গা না পেলেও পরের বছর তাঁকে কারা দফতরের দায়িত্ব দেওয়া হয়। ২০২২ সাল পর্যন্ত সেই দায়িত্ব সামলেছেন তিনি। পরে বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের দায়িত্বও পেয়েছিলেন।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর দক্ষিণ কেন্দ্রে বিজেপি প্রার্থী সাধন ঘোষের কাছে পরাজিত হন উজ্জ্বল। তবে রাজনৈতিক জীবনের শেষ দিন পর্যন্ত তৃণমূলের সঙ্গেই ছিলেন তিনি। অসুস্থতার কারণে গত কয়েক মাস তাঁকে সক্রিয় রাজনীতিতে বিশেষ দেখা যায়নি।
নির্বাচনে পরাজয়ের পর একাধিক বিতর্কেও জড়িয়ে পড়েছিলেন প্রাক্তন বিধায়ক। কৃষ্ণনগরের কাঠুরিয়াপাড়ায় তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনা ঘিরে বিতর্ক তৈরি হয়। অভিযোগ ওঠে, সাধারণ মানুষের মধ্যে বিলি করার জন্য আসা ত্রাণসামগ্রী বিতরণ না করে নিজের বাড়িতে মজুত করে রেখেছিলেন তিনি। এই ঘটনায় পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে। ত্রাণ দুর্নীতি সংক্রান্ত মামলায় প্রায় ৩০ দিন জেলবন্দি ছিলেন উজ্জ্বল। পরে জামিন পেলেও অন্য একটি মামলায় ফের গ্রেফতার হন। সব মিলিয়ে ৪৯ দিন জেলবন্দি থাকার পর শর্তসাপেক্ষে মুক্তি পান তিনি।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তাঁর বিরুদ্ধে ক্ষোভও তৈরি হয়েছিল। স্থানীয়দের একাংশের বিক্ষোভ এবং তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়ার মতো ঘটনাও ঘটে বলে খবর। তৃণমূল সূত্রের দাবি, এই ঘটনাপ্রবাহ তাঁর মানসিক ও শারীরিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলেছিল।
গত সেপ্টেম্বর মাসে উজ্জ্বলের হৃদ্যন্ত্রের তিনটি প্রধান রক্তনালিতে ব্লকেজ ধরা পড়ে। ৫ অক্টোবর বাইপাস অস্ত্রোপচারের পর প্রাথমিকভাবে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হলেও পরে ফের অবনতি ঘটে। দুর্গাপুজোর শুরুতে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছিলেন তিনি। কিন্তু পুজোর মধ্যেই শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আবার হাসপাতালে ভর্তি করানো হয়। এরপর থেকেই চিকিৎসাধীন ছিলেন প্রাক্তন বিধায়ক।
তাঁর মৃত্যুতে নদিয়ার রাজনৈতিক মহলে শোকের আবহ তৈরি হয়েছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে কৃষ্ণনগর দক্ষিণের তিনবারের বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন মন্ত্রী হিসেবে পরিচিত ছিলেন উজ্জ্বল বিশ্বাস।