প্রথম পাতা খবর বন্দে ভারত স্লিপারে আর তৎকাল টিকিট নয়! তিনটি ট্রেন নিয়ে রেলের নতুন সিদ্ধান্ত

বন্দে ভারত স্লিপারে আর তৎকাল টিকিট নয়! তিনটি ট্রেন নিয়ে রেলের নতুন সিদ্ধান্ত

6 views
A+A-
Reset

বন্দে ভারত স্লিপার এক্সপ্রেসে যাত্রার পরিকল্পনা থাকলে এবার থেকে আগেভাগেই টিকিট কাটতে হবে। কারণ, এই ট্রেনগুলিতে আর তৎকাল কোটার টিকিট পাওয়া যাবে না বলে দাবি করা হয়েছে একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে। ফলে শেষ মুহূর্তে তৎকাল টিকিট কেটে বন্দে ভারত স্লিপারে ওঠার সুযোগ থাকছে না।

প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে দেশের তিনটি রুটে বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চলাচল করছে। সেগুলি হল হাওড়া-কামাখ্যা-হাওড়া, বারাণসী-নয়াদিল্লি-বারাণসী এবং বেঙ্গালুরু-মুম্বই-বেঙ্গালুরু। এই তিনটি ট্রেনের ক্ষেত্রেই তৎকাল কোটা তুলে দেওয়া হচ্ছে বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে।

নতুন নিয়ম কার্যকর হলে যাত্রীদের অ্যাডভান্স রিজার্ভেশন পিরিয়ড বা এআরপি মেনেই টিকিট কাটতে হবে। অর্থাৎ যাত্রার পরিকল্পনা আগে থেকে করে নির্ধারিত সময়ের মধ্যে সংরক্ষিত টিকিট বুক করতে হবে।

কেন এই সিদ্ধান্ত? সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রেলের আধিকারিক ড. শিবম শর্মা জানিয়েছেন, বন্দে ভারত স্লিপার ট্রেনে তৎকাল কোটা রাখা হচ্ছে না। তাঁর বক্তব্য, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। জেনারেল কোটায় সমস্ত আসন উপলব্ধ থাকলে আরও বেশি যাত্রী এই ট্রেনে ভ্রমণের সুযোগ পাবেন।

তবে রেলের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও উঠছে। যাত্রীদের একাংশের মতে, হঠাৎ কোনও প্রয়োজনে অনেকেই তৎকাল টিকিটের উপর নির্ভর করেন। সেই সুযোগ না থাকলে জরুরি পরিস্থিতিতে বন্দে ভারত স্লিপারে যাত্রা করা কঠিন হতে পারে।

উল্লেখ্য, ১৬ কোচের বন্দে ভারত স্লিপার সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত। ট্রেনটিতে রয়েছে কবচ এবং ইমার্জেন্সি টক ব্যাক সিস্টেমের মতো আধুনিক পরিষেবা। কোচ বিন্যাস অনুযায়ী, ১১টি এসি থ্রি-টায়ার, চারটি এসি টু-টায়ার এবং একটি ফার্স্ট ক্লাস এসি কোচ রয়েছে। একসঙ্গে ৮২৩ জন যাত্রী এই ট্রেনে যাত্রা করতে পারেন।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.