প্রথম পাতা খবর টালায় জলের পাইপ ফেটে বিপত্তি, জলমগ্ন রেললাইন! ব্যাহত চক্ররেল চলাচল

টালায় জলের পাইপ ফেটে বিপত্তি, জলমগ্ন রেললাইন! ব্যাহত চক্ররেল চলাচল

7 views
A+A-
Reset

সপ্তাহের প্রথম দিনেই বড়সড় বিপত্তি উত্তর কলকাতার টালা এলাকায়। জলের ট্যাঙ্কের পাইপ ফেটে হু হু করে জল বেরিয়ে জলমগ্ন হয়ে পড়ল বিস্তীর্ণ এলাকা। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, রেললাইনও জলের তলায় চলে যায়। এর জেরে ব্যাহত হয় চক্ররেল চলাচল। কোনও কোনও অংশে বিদ্যুৎ পরিষেবাতেও প্রভাব পড়েছে বলে খবর। ঘটনার খবর পেয়ে দ্রুত এলাকায় পৌঁছন কলকাতা পুরসভার পুরকমিশনার স্মিতা পাণ্ডে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে দাঁড়িয়েই একাধিক দফতরের সঙ্গে যোগাযোগ করেন তিনি।

সোমবার বেলার দিকে আচমকাই টালা এলাকায় জল জমতে শুরু করে। প্রথমে কী কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, তা বুঝতে পারেননি স্থানীয় বাসিন্দারা। পরে জানা যায়, টালা এলাকার জলের ট্যাঙ্কের পাইপ ফেটে গিয়েছে। সেই পাইপ দিয়ে বিপুল পরিমাণ জল বেরিয়ে আশপাশের এলাকা প্লাবিত হয়।

টালা ট্যাঙ্ক থেকেই মূলত উত্তর কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জল সরবরাহ করা হয়। ফলে পাইপ ফেটে যাওয়ার ঘটনায় জল সরবরাহে বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্বাভাবিক ভাবেই উদ্বেগে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মাটির তলায় পাইপ ফাটায় মেরামতিতে সমস্যা

দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে কলকাতা পুরসভা। ঘটনাস্থলে পৌঁছে পুরকমিশনার স্মিতা পাণ্ডে জানান, মাটির তলায় পাইপ ফেটে গিয়েছে। একই জায়গায় রেলট্র্যাক থাকায় পরিস্থিতি সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছে। নিকাশি ব্যবস্থার দায়িত্ব রেলের হাতে রয়েছে বলেও জানান তিনি।

ওই এলাকায় বেশ কয়েকটি নালা থাকলেও সময়মতো জলের গতিমুখ নালার দিকে ঘোরানো যায়নি। ফলে জল জমে পরিস্থিতি আরও জটিল হয়েছে। জমে থাকা জল বের করে দিতে পুরকর্মীরা কাজ করছেন।

তবে কখন পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হবে, তা এখনও স্পষ্ট নয়। পুরকমিশনার জানিয়েছেন, সব কিছু আগের অবস্থায় ফিরতে সময় লাগবে। ফলে পানীয় জল সরবরাহ নিয়ে যেমন উদ্বেগ রয়েছে, তেমনই জমে থাকা জল থেকে দূষণ ছড়ানোর আশঙ্কাও করছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ।

এখন সবচেয়ে বড় প্রশ্ন, কত দ্রুত পাইপ মেরামত করে জল সরবরাহ ও এলাকার স্বাভাবিক পরিস্থিতি ফিরিয়ে আনা সম্ভব হবে। সেই অপেক্ষাতেই রয়েছেন টালা ও সংলগ্ন এলাকার বাসিন্দারা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.