প্রথম পাতা খবর গুয়াহাটির কাছে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস, ইঞ্জিন-সহ পাঁচটি কামরা বেলাইন, আহত ৪

গুয়াহাটির কাছে লাইনচ্যুত কলকাতা-সাইরাং এক্সপ্রেস, ইঞ্জিন-সহ পাঁচটি কামরা বেলাইন, আহত ৪

5 views
A+A-
Reset

নিজস্ব সংবাদদাতা:

সাতসকালে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ল কলকাতা-সাইরাং এক্সপ্রেস। বুধবার সকালে অসমের গুয়াহাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে দিগারুর কাছে লাইনচ্যুত হয় ট্রেনটি। দুর্ঘটনায় ইঞ্জিন-সহ পাঁচটি কামরা বেলাইন হয়ে গিয়েছে বলে খবর। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা জানিয়েছেন, এই ঘটনায় চার জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

জানা গিয়েছে, বুধবার সকাল ৬টা ৫৪ মিনিট নাগাদ দুর্ঘটনাটি ঘটে। গুয়াহাটি স্টেশন ছাড়ার কিছুক্ষণের মধ্যেই দিগারুর কাছে লাইনচ্যুত হয় এক্সপ্রেস ট্রেনটি। কলকাতা থেকে মঙ্গলবার সকালে যাত্রা শুরু করেছিল ট্রেনটি। বুধবার বিকেলে মিজ়োরামের সাইরাংয়ে পৌঁছনোর কথা ছিল তার। কিন্তু গন্তব্যে পৌঁছনোর আগেই দুর্ঘটনার মুখে পড়ে ট্রেনটি।

প্রাথমিক খবর অনুযায়ী, প্রথমে ট্রেনের ইঞ্জিনটি লাইনচ্যুত হয়। তার অভিঘাতে পরপর পাঁচটি কামরা বেলাইন হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকেরা। শুরু হয় উদ্ধারকাজ। আহত যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে উদ্ধারকাজের গতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন যাত্রীদের একাংশ। তাঁদের অভিযোগ, উদ্ধারকাজ অত্যন্ত ধীরগতিতে চলছে।

প্রথমদিকে দুর্ঘটনার কারণ স্পষ্ট না হলেও পরে রেলের তরফে একটি প্রাথমিক ব্যাখ্যা দেওয়া হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, খবর পাওয়ার পরেই রেল আধিকারিকেরা ঘটনাস্থলের উদ্দেশে রওনা দেন এবং উদ্ধারকাজ শুরু হয়। যাত্রীদের অন্য ট্রেনে করে গন্তব্যে পাঠানোর পরিকল্পনাও নেওয়া হয়েছে।

রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, অন্য একটি ট্রেনকে জায়গা করে দেওয়ার জন্য কলকাতা-সাইরাং এক্সপ্রেসকে লুপ লাইনে পাঠানো হয়েছিল। সেই সময় ট্রেনটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। তবে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা জানতে তদন্ত প্রয়োজন।

দুর্ঘটনার জেরে ওই লাইনে রেল চলাচলও ব্যাহত হয়েছে। গুয়াহাটি-যোরহাট জন শতাব্দী এক্সপ্রেস এবং কোয়েম্বত্তূর-শিলচর এক্সপ্রেস আপাতত দাঁড় করিয়ে রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে রেলের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ করা হচ্ছে।


আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.