প্রথম পাতা খবর এসি লোকাল আসতে পারে শিয়ালদহ দক্ষিণেও! কাটোয়া-সহ একাধিক রুটে নতুন ট্রেনের প্রস্তাব

এসি লোকাল আসতে পারে শিয়ালদহ দক্ষিণেও! কাটোয়া-সহ একাধিক রুটে নতুন ট্রেনের প্রস্তাব

7 views
A+A-
Reset

যাত্রী পরিষেবার উন্নতি, নতুন লোকাল ও এসি ট্রেন চালু, স্টেশনে নতুন প্ল্যাটফর্ম তৈরি এবং উড়ালপুল নির্মাণ—একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বৈঠকে বসল পূর্ব রেল। মঙ্গলবার কলকাতায় হাওড়া ও শিয়ালদহ ডিভিশনের সাংসদদের নিয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে একাধিক নতুন প্রস্তাব ও দাবি তুলে ধরেন জনপ্রতিনিধিরা।

বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে, অতিরিক্ত জেনারেল ম্যানেজার শীলেন্দ্রপ্রতাপ সিংহ এবং দুই ডিভিশনের শীর্ষ আধিকারিকেরা। বৈঠকের চেয়ারম্যান নির্বাচিত হন সাংসদ সৌগত রায়।

নতুন ট্রেন চালুর দাবির মধ্যে উল্লেখযোগ্য হল কাটোয়া-আজিমগঞ্জ রুটে নতুন ট্রেন এবং কাটোয়া-শিয়ালদহ লোকাল চালু করা। পাশাপাশি শিয়ালদহ দক্ষিণ শাখায় এসি লোকাল চালানোর প্রস্তাব দেওয়া হয়। শান্তিপুর হয়ে শিয়ালদহ-নবদ্বীপ ধাম রুটেও নতুন এসি লোকাল চালুর দাবি ওঠে। অন্যদিকে মালদহ-বহরমপুর-শিয়ালদহ রুটে যাত্রীদের সুবিধার জন্য শৌচাগারযুক্ত মেমু ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে।

এ ছাড়াও নশিপুর সেতু দিয়ে আরও ট্রেন চালানো এবং গোগাট-তারকেশ্বর রুটে ট্রেনের সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়। কল্যাণী স্টেশনে হাজারদুয়ারি এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার প্রস্তাবও উঠে আসে বৈঠকে। স্টেশন পরিকাঠামোর উন্নয়নের ক্ষেত্রে আমঘাটা স্টেশনে নতুন প্ল্যাটফর্ম তৈরির দাবি জানানো হয়েছে।

রেল যোগাযোগ ব্যবস্থার উন্নতির পাশাপাশি সড়ক ও রেলপথের সংযোগস্থলে যানজট কমানোর বিষয়েও আলোচনা হয়। মুর্শিদাবাদ ও বেলডাঙায় উড়ালপুল নির্মাণের প্রস্তাব দেওয়া হয়েছে। বিভিন্ন এলাকায় নতুন আন্ডারপাস ও উড়ালপুল তৈরির দাবিও তুলে ধরেন সাংসদরা।

বৈঠকে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে জানান, অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে স্টেশনগুলির উন্নয়ন, কবচ প্রযুক্তি চালু, নতুন কামরা সংযোজন, রেলগেট তুলে দেওয়া, উড়ালপুল ও আন্ডারপাস নির্মাণ এবং প্ল্যাটফর্ম সম্প্রসারণের কাজ দ্রুত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। যাত্রীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য বাড়ানোই এই উদ্যোগগুলির মূল লক্ষ্য।

এ দিন সাংসদদের সামনে পূর্ব রেলের নিজস্ব তথ্যপ্রযুক্তি দলের তৈরি ‘জনপ্রতিনিধি পোর্টাল’ও তুলে ধরা হয়। এই পোর্টালের মাধ্যমে জনপ্রতিনিধিদের সঙ্গে রেলের যোগাযোগ ও বিভিন্ন প্রস্তাব সংক্রান্ত কাজ আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। উদ্যোগটির প্রশংসা করেন উপস্থিত সাংসদরা।

বৈঠক শেষে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, সাংসদদের দেওয়া প্রস্তাবগুলি খতিয়ে দেখা হবে। যাত্রীদের সুবিধার সঙ্গে সরাসরি যুক্ত বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া হবে। রেল বোর্ড এবং সংশ্লিষ্ট সাংসদদের সঙ্গে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ করার চেষ্টা করা হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.