প্রথম পাতা খবর হাওড়া পুরসভায় নির্বাচন না হলে ১ ডিসেম্বর থেকে কো-অর্ডিনেটর নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়া পুরসভায় নির্বাচন না হলে ১ ডিসেম্বর থেকে কো-অর্ডিনেটর নিয়োগ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

14 views
A+A-
Reset

কলকাতা: দীর্ঘ ১২ বছর ধরে হাওড়া পুরসভায় নির্বাচন হয়নি। এর ফলে পুর পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছেন শহরের বাসিন্দারা। নির্বাচনে বিরোধীরাই বাধা দিচ্ছে বলে অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হাওড়ার কাজিপাড়ার একটি অনুষ্ঠানে তিনি জানান, নির্ধারিত সময়ের মধ্যে পুর নির্বাচন সম্পন্ন না হলে আগামী ১ ডিসেম্বর থেকে হাওড়ার ওয়ার্ডগুলিতে কো-অর্ডিনেটর নিয়োগ করা হবে। তবে সরকারবিরোধী কাউকে এই পদে বসানো হবে না বলেও স্পষ্ট জানিয়ে দেন তিনি।

মুখ্যমন্ত্রীর বক্তব্য, বছরের পর বছর সরকারি আধিকারিকদের দিয়ে পুরসভা চালানো সম্ভব নয়। তাঁদের কাজের ক্ষেত্রে কিছু সীমাবদ্ধতা রয়েছে। তাই পুর পরিষেবা স্বাভাবিক রাখতে বিকল্প ব্যবস্থা প্রয়োজন। তাঁর অভিযোগ, রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন সরকার হাওড়া ও কলকাতা পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস করে নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছিল। কিন্তু বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়ে নির্বাচনের পথে বাধা তৈরি করছে।

এই প্রসঙ্গে বিরোধীদের কটাক্ষ করে শুভেন্দু বলেন, যাঁদের নির্বাচনে জামানত বাজেয়াপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে, তাঁরাই ভোট আটকানোর চেষ্টা করছেন। এই পরিস্থিতির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রী আরও জানান, ১ ডিসেম্বর থেকে হাওড়ার ওয়ার্ডগুলিতে কো-অর্ডিনেটর নিয়োগের প্রক্রিয়া শুরু হবে। তাঁর কথায়, কো-অর্ডিনেটর হিসেবে এমন ব্যক্তিকেই নিয়োগ করা হবে, যিনি সরকারের পাশে থাকবেন এবং সরকারের বিরোধিতা করবেন না।

এর আগে কলকাতা পুরসভার পুনর্বিন্যাস হওয়া ২০৯টি ওয়ার্ডেও দলীয় পছন্দের ব্যক্তিদের কো-অর্ডিনেটর হিসেবে নিয়োগের কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেই প্রস্তাবে সমর্থন জানিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর বক্তব্য ছিল, ভোটের মতো পরিস্থিতি না থাকলে বিকল্প ব্যবস্থা ভাবতে হবে। বামেদের পার্টি অফিসের কাউকে বা তৃণমূলের প্রতিষ্ঠিত দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের কো-অর্ডিনেটর করা সম্ভব নয় বলেও মন্তব্য করেছিলেন তিনি। তাঁর মতে, দলের নেতারাই এই দায়িত্ব নিতে পারেন।

এ বার কলকাতার পাশাপাশি হাওড়া পুরসভার ক্ষেত্রেও একই পথে হাঁটার ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। ফলে নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন না হলে ১ ডিসেম্বর থেকে দুই পুরসভাতেই কো-অর্ডিনেটর নিয়োগের প্রক্রিয়া শুরু হতে পারে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.