কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ির সামনে বৃহস্পতিবার দফায় দফায় বুলডোজ়ার অভিযান চালানো হল। ফুটপাত দখল করে নির্মিত হয়েছে—এমন অভিযোগে সরিয়ে দেওয়া হল অস্থায়ী শেড, শহিদবেদি এবং বাড়ির বাইরে থাকা একটি লোহার গেট। অভিযানের সময় ঘটনাস্থলে উপস্থিত ছিল কলকাতা পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।
বৃহস্পতিবার সকালেই ১২১, কালীঘাট রোডে অভিষেকের বাড়ির সামনে ফুটপাতের উপর বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী কাঠামোটি বুলডোজ়ার দিয়ে ভেঙে ফেলা হয়। পরে কলকাতা পুরসভার কর্মীরা সেখান থেকে বাঁশ সরিয়ে ফুটপাত পরিষ্কার করেন। একই সঙ্গে বাড়ির সীমানা প্রাচীরের ফটকের বাইরে বসানো লোহার গেটটি গ্যাস কাটার দিয়ে কেটে সরিয়ে দেওয়া হয়। অভিযোগ, ওই গেটটিও ফুটপাতের উপর জায়গা দখল করে বসানো হয়েছিল।
এর পর বেলা ১১টা নাগাদ বাড়ির সামনে থাকা একটি শহিদবেদিও বুলডোজ়ার দিয়ে ভেঙে ফেলা হয়। প্রথমে শহিদবেদির দু’টি লোহার দণ্ডে লাগানো তৃণমূলের জোড়াফুল প্রতীক দেওয়া পতাকা খুলে নেওয়া হয়। তার পর ভেঙে ফেলা হয় সিমেন্টের বেদি, লোহার দণ্ড এবং চারপাশের লোহার বেষ্টনী। শহিদবেদিটিও ফুটপাত দখল করে তৈরি করা হয়েছিল বলে অভিযোগ।
এই অভিযানের নিন্দা করে বৃহস্পতিবার সকালে সমাজমাধ্যমে পোস্ট করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, “হাজার হাজার বুলডোজ়ার নামিয়েও আমার কণ্ঠস্বর স্তব্ধ করা যাবে না, আমার অদম্য জেদ আর সংকল্পকে টলানো যাবে না।” বিজেপিকে ‘বাংলাবিরোধী’ ও ‘বহিরাগত’ বলেও আক্রমণ করেন তিনি। তাঁর বক্তব্য, কেন্দ্র ও রাজ্য সরকার যা-ই করুক, অন্যায়ের কাছে তিনি মাথা নত করবেন না।
শহিদবেদি ভাঙার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায়। তাঁর কথায়, শহিদদের শ্রদ্ধা জানানোর জায়গা ভাঙতে বুলডোজ়ার ব্যবহার করা হচ্ছে। তাঁর অভিযোগ, প্রতিহিংসার রাজনীতি থেকেই এই পদক্ষেপ করা হয়েছে। যদিও ফুটপাত দখলের অভিযোগকে কেন্দ্র করেই গত কয়েক দিন ধরে এই বিতর্ক চলছিল।
অভিষেকের বাড়ির সামনের অস্থায়ী শেডটি নিয়ে বুধবার সন্ধ্যাতেও উত্তেজনা তৈরি হয়। সে দিন পুলিশ সেখানে পৌঁছয়। কালীঘাট তৃণমূলের দাবি ছিল, শেডটি খোলার জন্যই পুলিশ এসেছিল। অভিষেকের অফিসের কর্মীরাও বুধবার নিজেরা কাঠামোটি খুলে ফেলার কাজ শুরু করেছিলেন।
কালীঘাট তৃণমূলের মুখপাত্র অর্ক নাগের দাবি, অভিষেক যখন ‘জ়েড প্লাস’ নিরাপত্তা পেতেন, তখন পশ্চিমবঙ্গের ডাইরেক্টরেট অফ সিকিউরিটির তরফে পুলিশি প্রহরায় থাকা কর্মীদের বসার জন্য ওই শেড তৈরি করা হয়েছিল। পরবর্তী সময়ে সাংসদ হিসেবে প্রাপ্য নিরাপত্তা ছাড়া তাঁর অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়। ফলে শেডটির আর প্রয়োজন নেই বলে জানিয়েছিলেন অর্ক। তাঁর বক্তব্য ছিল, অভিষেকের পক্ষ থেকেই সেটি খুলে ফেলার ব্যবস্থা করা হচ্ছে।
তবে বৃহস্পতিবার সকাল পর্যন্ত শেডটি সম্পূর্ণ সরানো হয়নি। পরে পুরসভার কর্মীরা গিয়ে বুলডোজ়ার দিয়ে কাঠামোটি ভেঙে দেন এবং ফুটপাত পরিষ্কার করেন।
উল্লেখ্য, অভিষেকের বাড়ির সামনের শেড ঘিরে গত কয়েক দিন ধরেই বিতর্ক চলছিল। গত শুক্রবার রাতে সাংসদের জন্মদিন পালনের অনুষ্ঠানকে কেন্দ্র করে কালীঘাটে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। সে সময় অস্থায়ী শেডের নীচে বহু মানুষকে জড়ো হতে দেখা গিয়েছিল। স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ ছিল, ফুটপাতের উপর শেড থাকায় পথচারীদের চলাচলে সমস্যা হচ্ছিল। সেই অভিযোগ ঘিরেই শেষ পর্যন্ত বৃহস্পতিবারের এই অভিযান।