নয়াদিল্লি: উৎসবের মরশুমে মূল্যবৃদ্ধির চাপে নাজেহাল সাধারণ মানুষ। অক্টোবরে দেশের খুচরো মুদ্রাস্ফীতির হার বেড়ে দাঁড়াল ৬.০৯ শতাংশে। গত দু’বছরের মধ্যে এই প্রথম মূল্যবৃদ্ধির হার ৬ শতাংশের গণ্ডি পার করল। খাদ্যপণ্যের দাম বৃদ্ধিই এর অন্যতম প্রধান কারণ বলে সরকারি পরিসংখ্যানে উঠে এসেছে।
কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রকের প্রকাশিত তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে খুচরো মুদ্রাস্ফীতির হার ছিল ৫.৫৪ শতাংশ। অক্টোবরে তা বেড়ে হয়েছে ৬.০৯ শতাংশ। এর আগে ২০২৪ সালের অক্টোবরে খুচরো মুদ্রাস্ফীতি ৬ শতাংশের উপরে উঠেছিল।
খাদ্যপণ্যের ক্ষেত্রেও মূল্যবৃদ্ধির হার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। সেপ্টেম্বরে খাদ্য মুদ্রাস্ফীতি ছিল ৭.৭৪ শতাংশ। অক্টোবরে তা বেড়ে হয়েছে ৮.৯৪ শতাংশ। বিভিন্ন খাদ্যপণ্যের দাম বৃদ্ধির প্রভাব সরাসরি পড়েছে সাধারণ মানুষের দৈনন্দিন খরচে।
পেঁয়াজের দাম বেড়েছে ১১৬ শতাংশ
মন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত বছরের অক্টোবরের তুলনায় চলতি বছরের অক্টোবরে পেঁয়াজের দাম বেড়েছে ১১৬.২২ শতাংশ। রসুনের দাম বৃদ্ধির হার ৬০.৭৪ শতাংশ। আদার ক্ষেত্রে এই হার ৪৮.৩২ শতাংশ এবং লেবুর ক্ষেত্রে ৪৭.৩০ শতাংশ।
শুধু খাদ্যপণ্য নয়, রুপোর গয়নার দামও উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গত বছরের অক্টোবরের তুলনায় এ বছর অক্টোবরে রুপোর গয়নার দাম বৃদ্ধির হার ৫২.৩৯ শতাংশ।
চাপে মধ্যবিত্তের সংসার
খাদ্যপণ্যের এই মূল্যবৃদ্ধির ফলে মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের সংসার চালানোর খরচ আরও বেড়েছে। আয় একই থাকলেও নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য বেশি টাকা খরচ করতে হচ্ছে। ফলে অন্যান্য খাতে ব্যয় কমিয়ে সংসারের বাজেট সামলাতে হচ্ছে বহু পরিবারকে।
যদিও আলু ও শীতকালীন সবজির দাম এখনও পর্যন্ত তুলনামূলক নিয়ন্ত্রণে রয়েছে, তবুও সামগ্রিক মূল্যবৃদ্ধির চাপ কমার কোনও স্পষ্ট ইঙ্গিত নেই। আগামী মাসগুলিতেও মুদ্রাস্ফীতির হার বেশি থাকলে সাধারণ মানুষের আর্থিক চাপ আরও বাড়তে পারে।
উল্লেখ্য, রিজার্ভ ব্যাঙ্কের নির্ধারিত মুদ্রাস্ফীতির লক্ষ্যমাত্রা ৪ শতাংশ। এর সহনসীমা ২ থেকে ৬ শতাংশ। অক্টোবরে খুচরো মুদ্রাস্ফীতি সেই ঊর্ধ্বসীমাও অতিক্রম করেছে।