প্রথম পাতা খবর রাজ্য উৎসবের স্বীকৃতির পর চন্দননগরে কড়া নিরাপত্তা, ভিআইপি পাস ও ডিজে নিষিদ্ধ

রাজ্য উৎসবের স্বীকৃতির পর চন্দননগরে কড়া নিরাপত্তা, ভিআইপি পাস ও ডিজে নিষিদ্ধ

5 views
A+A-
Reset

চন্দননগর: রাজ্য উৎসবের স্বীকৃতি পাওয়ার পর এ বছর চন্দননগরের ঐতিহ্যবাহী জগদ্ধাত্রী পুজোকে আরও সুশৃঙ্খলভাবে আয়োজন করতে তৎপর প্রশাসন ও কেন্দ্রীয় পুজো কমিটি। নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, কোনও পুজো মণ্ডপে ভিআইপি প্রবেশ বা ভিআইপি পাসের ব্যবস্থা থাকবে না। শোভাযাত্রা ও প্রতিমা নিরঞ্জনের সময় ডিজে সাউন্ড এবং সব ধরনের আতশবাজিও নিষিদ্ধ করা হয়েছে।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলন করে শোভাযাত্রা ও নিরঞ্জনের বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করে কেন্দ্রীয় পুজো কমিটি। কমিটির নির্দেশ অনুযায়ী, প্রতিটি পুজো মণ্ডপের ভিতরে প্রতিমার দিকে সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক। পাশাপাশি প্রতিমা নিয়ে শোভাযাত্রা ও নিরঞ্জনের সময় প্রতিটি পুজো কমিটিকে ঠাকুরের গাড়িতে দুটি করে অগ্নিনির্বাপক সিলিন্ডার রাখতে হবে। পুজোর উদ্বোধন, পুজোর দিন এবং নিরঞ্জনের সময় আতশবাজি পোড়ানো বা ফাটানো যাবে না।

২৫টি সেক্টরে ভাগ করা হচ্ছে এলাকা

শোভাযাত্রা সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য এ বার চন্দননগরের এলাকাকে মোট ২৫টি সেক্টরে ভাগ করা হয়েছে। আগে এই সংখ্যা ছিল ২০। প্রতিটি সেক্টরের দায়িত্বে থাকবেন একজন করে ইনচার্জ। ২৫ জন সেক্টর ইনচার্জের সঙ্গে থাকবেন ১৭৫ জন স্বেচ্ছাসেবক। অর্থাৎ, শোভাযাত্রা পরিচালনার দায়িত্বে থাকবেন মোট ২০০ জন কর্মী।

প্রতিমা নিরঞ্জনের জন্যও নির্দিষ্ট ঘাটের ব্যবস্থা করা হয়েছে। চন্দননগর থানার অধীনে আটটি এবং ভদ্রেশ্বর থানার অধীনে ছ’টি ঘাট নির্ধারণ করা হয়েছে। ওই নির্দিষ্ট ঘাটগুলিতেই প্রতিমা নিরঞ্জন করতে হবে পুজো কমিটিগুলিকে।

শোভাযাত্রায় ৬৮টি পুজো কমিটি, অংশ নেবে ২৪৫টি লরি

কেন্দ্রীয় পুজো কমিটির সাধারণ সম্পাদক শুভজিৎ সাউ জানিয়েছেন, আগামী ১৯ নভেম্বর শোভাযাত্রা ও নিরঞ্জন পর্ব অনুষ্ঠিত হবে। এ বছর মোট ৬৮টি পুজো কমিটি শোভাযাত্রায় অংশ নেবে। এর মধ্যে চন্দননগর থানার অধীনে ৫৬টি এবং ভদ্রেশ্বর থানার অধীনে ১২টি শোভাযাত্রা হবে। শোভাযাত্রায় মোট ২৪৫টি লরি অংশ নেওয়ার কথা। চন্দননগর থানার এলাকায় থাকবে ২০১টি এবং ভদ্রেশ্বর থানার এলাকায় ৪৪টি লরি।

কেন্দ্রীয় পুজো কমিটির প্রধান উপদেষ্টা তথা চন্দননগরের বিধায়ক দীপাঞ্জন গুহ জানিয়েছেন, জগদ্ধাত্রী পুজোকে রাজ্য উৎসবের মর্যাদা দেওয়ায় তাঁরা কৃতজ্ঞ। উল্লেখ্য, এ বছর উৎসব আয়োজনের জন্য রাজ্য সরকার ৫ কোটি টাকা বরাদ্দ করেছে বলে জানানো হয়েছে।

আগামী ১৩ নভেম্বর চন্দননগরের প্রাচীন আদি মায়ের পুজোর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী—এমনটাই জানানো হয়েছে। ওই দিন জগদ্ধাত্রী পুজোর আনুষ্ঠানিক উদ্বোধনেরও সম্ভাবনা রয়েছে। উদ্বোধন উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বলেও জানা গিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.