ছটপুজোয় পুণ্যার্থীদের সুবিধার্থে বিশেষ উদ্যোগ কলকাতা পুরসভার। ঘাটে পৌঁছনোর রাস্তা থেকে শুরু করে জরুরি পরিষেবা—সমস্ত প্রয়োজনীয় তথ্য এবার মিলবে একটি QR কোড স্ক্যান করলেই। মোবাইল ফোনের মাধ্যমে নির্দিষ্ট QR কোড স্ক্যান করে পুণ্যার্থীরা জানতে পারবেন ঘাটের অবস্থান, যাতায়াতের পথ এবং অন্যান্য প্রয়োজনীয় পরিষেবার তথ্য।
পালাবদলের পর কলকাতায় এ বারই প্রথম ছটপুজো। উৎসবকে কেন্দ্র করে যাতে কোনও রকম অব্যবস্থা না হয়, সে জন্য একাধিক ব্যবস্থা নিচ্ছে পুরসভা। পুরসভা সূত্রে খবর, কলকাতা পুরসভা ও কেএমডিএ এলাকা মিলিয়ে মোট ১৬৩টি ঘাটে ছটপুজোর অনুমতি দেওয়া হয়েছে।
কলকাতা পুরসভার ১৬টি বরোর অধীনে রয়েছে ১২৪টি ঘাট। এর মধ্যে গঙ্গার ৩০টি এবং আদি গঙ্গার দু’টি ঘাট রয়েছে। এ ছাড়াও ৮৬টি পুকুর ও জলাশয় এবং ছ’টি কৃত্রিম জলাশয়ে পুজো দিতে পারবেন পুণ্যার্থীরা। অন্যদিকে, কেএমডিএ এলাকায় তৈরি করা হয়েছে ২৪টি স্থায়ী ও ১৫টি অস্থায়ী ঘাট।
ঘাটে পানীয় জল, চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা
পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে রবিবার ও সোমবার ঘাটগুলিতে অতিরিক্ত পানীয় জলের ট্যাঙ্কার রাখার ব্যবস্থা করছে পুরসভার জল সরবরাহ বিভাগ। গঙ্গার যে ঘাটগুলিতে ভিড় বেশি হওয়ার আশঙ্কা রয়েছে, সেখানে চিকিৎসক, অ্যাম্বুল্যান্স এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা থাকবে।
ঘাট ও সংলগ্ন এলাকায় বসানো হয়েছে বায়ো টয়লেট। মহিলাদের জন্য তৈরি করা হচ্ছে বিশেষ চেঞ্জিং রুম। পাশাপাশি পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং ভিড় নিয়ন্ত্রণে নিয়মিত মাইকিংয়ের পরিকল্পনাও রয়েছে। নিরাপত্তা ও বিপর্যয় মোকাবিলার প্রস্তুতি খতিয়ে দেখতে ঘাটগুলিতে নজরদারি চালাচ্ছে পুরসভার বিপর্যয় মোকাবিলা বিভাগ।
পরিবেশ রক্ষায় বিশেষ নজর
ছটপুজোর পর জলাশয় ও নদীর জল পরিষ্কার রাখতেও উদ্যোগী পুরসভা। পুজো শেষ হওয়ার পরই জল থেকে ফুল ও অন্যান্য পুজোর সামগ্রী সরিয়ে সাফাইয়ের কাজ শুরু হবে বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
এদিকে, শনিবার কাশীপুর-বেলগাছিয়া বিধানসভার বিভিন্ন ছটঘাট পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তাঁর সঙ্গে ছিলেন স্থানীয় বিধায়ক রীতেশ তিওয়ারি।
সব মিলিয়ে QR কোডের মাধ্যমে তথ্য পরিষেবা, পানীয় জল, চিকিৎসা, নিরাপত্তা এবং পরিচ্ছন্নতার ব্যবস্থা—একাধিক উদ্যোগের মাধ্যমে ছটপুজো নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রস্তুতি নিচ্ছে কলকাতা পুরসভা।