প্রথম পাতা খবর ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’-এর প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগ, শুক্রবার অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা

ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’-এর প্রভাবে দক্ষিণবঙ্গে দুর্যোগ, শুক্রবার অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা

18 views
A+A-
Reset

বঙ্গোপসাগরে ক্রমশ শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’। মঙ্গলবার পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে এটি। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে বৃহস্পতিবার সকালে আরও শক্তি বাড়াতে পারে ঘূর্ণিঝড়টি। শুক্রবার দুপুরে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

নেল্লোর ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী উপকূলীয় এলাকায় আঘাত হানতে পারে ‘অ্যাকভান’। ল্যান্ডফলের সময় ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার থাকতে পারে। দমকা হাওয়ার সর্বোচ্চ গতিবেগ পৌঁছতে পারে ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত।

অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার আগে শক্তি বাড়বে

আবহাওবিদদের মতে, ঘূর্ণিঝড়টি খুব বেশি শক্তি সঞ্চয় করতে পারবে না। চারপাশের পরিস্থিতি শক্তি বৃদ্ধির অনুকূল নয়। বরং উপকূলের কাছাকাছি পৌঁছলে কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে ‘অ্যাকভান’। তবে এর প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।

আজ রাত অথবা আগামীকাল সকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হতে পারে। ২২ নভেম্বর পর্যন্ত দফায় দফায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে। আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকায় দিনের বেলাতেও ঠান্ডার অনুভূতি বজায় থাকতে পারে।

বুধবার কোথায় বৃষ্টি?

আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাসের পূর্বাভাস অনুযায়ী, বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা এবং হাওড়ার দু-একটি জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনা।

বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির দাপট

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, কলকাতা এবং হাওড়ার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু-একটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

শুক্রবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া, শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস

শুক্রবারও দক্ষিণবঙ্গ জুড়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ার আশঙ্কা রয়েছে। সব জেলাতেই হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের কয়েকটি এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

শনিবারও দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত এবং দমকা হাওয়ার পূর্বাভাস রয়েছে। রবিবার বৃষ্টির দাপট কিছুটা কমলেও বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে।

মৎস্যজীবীদের জন্য সতর্কতা

পশ্চিমবঙ্গ উপকূলের মৎস্যজীবীদের জন্য আপাতত কোনও বিশেষ সতর্কতা জারি করা হয়নি। তবে ওড়িশা, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর মৎস্যজীবীদের ২০ নভেম্বর পর্যন্ত পশ্চিম-মধ্য ও সংলগ্ন উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সব মিলিয়ে ঘূর্ণিঝড় ‘অ্যাকভান’-এর প্রভাবে দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পরিবেশ তৈরি হচ্ছে। বিশেষ করে উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির আশঙ্কা থাকায় আবহাওয়ার দিকে নজর রাখার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.