কলকাতার কলেজ স্ট্রিটে বইয়ের স্টল ঘিরে SFI ও ABVP-র মধ্যে নতুন করে উত্তেজনা ছড়াল। বুধবার কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে SFI-এর অস্থায়ী বইয়ের স্টলকে কেন্দ্র করে পাল্টা স্টল বসানোর উদ্যোগ নেয় ABVP। দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে স্লোগান, বচসা এবং স্টল ভাঙচুরের চেষ্টার অভিযোগ ঘিরে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সংঘাত এড়াতে ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশবাহিনী।
রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রক্তকরবী’, জগদীশচন্দ্র বসু কিংবা শিব্রাম চক্রবর্তীর বইয়ের বিপরীতে আরএসএসের ‘গুরুজি’ মাধব সদাশিবরাও গোলওয়ালকর এবং ‘ডাক্তারজি’ ডাঃ কেশব বলিরাম হেডগেওয়ারের বই— কলেজ স্ট্রিটে দুই ছাত্র সংগঠনের বই বিক্রির আয়োজন ঘিরেই বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।
নতুন জায়গায় স্টল SFI-এর, উপস্থিত থাকার কথা বিমান বসুর
বুধবার সকাল থেকেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে নতুন করে উত্তেজনা ছড়াতে শুরু করে। পূর্ব নির্ধারিত স্থান থেকে কিছুটা সরিয়ে নতুন জায়গায় অস্থায়ী স্টল তৈরি করে SFI। সেখানে উপস্থিত থাকার কথা সিপিএমের প্রবীণ নেতা বিমান বসুর। যদিও স্টল তৈরির ক্ষেত্রে পুলিশের অনুমতি মিলেছে কি না, তা স্পষ্ট নয়। তবে কলেজ স্ট্রিট এলাকায় বুধবারও বিশাল পুলিশবাহিনী মোতায়েন ছিল।
এরই মধ্যে সকাল ১১টা থেকে ABVP সদস্যেরা দাবি করতে শুরু করেন, SFI যদি বই বিক্রি করে, তা হলে তাঁরাও রাস্তায় বসে বই বিক্রি করবেন। সওয়া ১১টার পর কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভিতর থেকে টেবিল ও বেঞ্চ বের করে এনে রাস্তায় সাজাতে শুরু করেন ABVP সদস্যেরা। তাঁদের হাতে ছিল ‘গুরুজি’, ‘ডাক্তারজি’ এবং ‘নারী কাল আজ ও কাল’-এর মতো বই। পাশাপাশি আনা হয় ছাত্র-যুব সমাবেশের ব্যানারও।
পুলিশের অনুমতি নিয়ে প্রশ্ন, SFI-এর স্টল ভাঙচুরের চেষ্টা
ABVP বই বিক্রির অনুমতি পেয়েছে কি না, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। সংগঠনের কলকাতা মহানগরের স্বাধীন হালদার জানান, পুলিশের সঙ্গে অনুমতি নিয়ে কথা চলছে। তাঁর বক্তব্য, SFI যদি সেখানে বই বিক্রি করে, তা হলে তাঁরাও বই বিক্রি করবেন।
এর পরেই SFI-এর বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করেন ABVP সদস্যেরা। কিছুক্ষণ পর SFI-এর স্টল ভাঙচুরের চেষ্টার অভিযোগ ওঠে। স্বাধীন হালদারের দাবি, SFI-এর ইতিহাস নিয়ে বই বিক্রিতে তাঁদের আপত্তি রয়েছে। তাঁর বক্তব্য, অরাজকতা সৃষ্টিকারীদের নাশ করা হবে। SFI-কে অনুমতিপত্র দেখানোর দাবিও তোলেন তিনি। একই সঙ্গে ABVP-র তরফেও পুলিশের কাছে বই বিক্রির অনুমতি চাওয়া হয়েছে বলে জানান।
গার্ডরেল সরিয়ে হামলার চেষ্টা, দুই সংগঠনের মাঝখানে পুলিশ
সকালে SFI-এর বুক স্টল সুরক্ষিত রাখতে গার্ডরেল দিয়ে ঘিরে রাখে পুলিশ। কিন্তু দুপুরের পর সেই গার্ডরেল সরিয়ে স্টলে হামলার চেষ্টা করেন ABVP সদস্যেরা বলে অভিযোগ। তাঁদের দাবি, রাষ্ট্রবিরোধী আদর্শের প্রদর্শন করতে দেওয়া হবে না।
অন্যদিকে, SFI সদস্যেরা স্টলের ভিতরে জাতীয় পতাকা নিয়ে বসেছিলেন। দুই সংগঠনের সদস্যদের মাঝখানে দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন পুলিশ কর্মীরা।
SFI সদস্যদের অভিযোগ, মঙ্গলবার অনুমতি থাকা সত্ত্বেও তাঁদের বইয়ের স্টল বসাতে বাধা দেওয়া হয়েছিল। উল্টে সংগঠনের সদস্যদের গ্রেফতার করা হয়। তাঁদের প্রশ্ন, বুধবার ABVP সদস্যেরা বই বিক্রির উদ্যোগ নিলেও কেন তাঁদের গ্রেফতার করা হচ্ছে না? কলেজ স্ট্রিটে বই বিক্রিকে কেন্দ্র করে এই প্রশ্ন ও পাল্টা দাবির জেরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়েছে।