প্রথম পাতা খবর ঘূর্ণিঝড় ‘আকভান’-এর আশঙ্কা, পুরীতে মন্দির দর্শনে বিধিনিষেধ, কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর আশঙ্কা, পুরীতে মন্দির দর্শনে বিধিনিষেধ, কলকাতাতেও বৃষ্টির পূর্বাভাস

10 views
A+A-
Reset

পুরী: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর সম্ভাব্য ল্যান্ডফল ঘিরে সতর্ক ওড়িশা প্রশাসন। দুর্যোগপূর্ণ আবহাওয়া ও ভারী বৃষ্টির আশঙ্কায় পুরী জেলাকে উচ্চ সতর্কাবস্থায় রাখা হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় একাধিক পদক্ষেপ করেছে জেলা প্রশাসন। আগামী ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত ভক্তদের জন্য বন্ধ রাখা হবে গুন্ডিচা মন্দির। একই সঙ্গে শ্রী জগন্নাথ মন্দিরে হবিষ্যান্ন পালনকারীদের বিশেষ দর্শনও তিন দিনের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, কার্তিক মাসে ব্রত পালন করতে পুরীতে আসা হবিষ্যানীদের জন্য বিশেষ দর্শনের ব্যবস্থা আগামীকাল থেকে তিন দিন বন্ধ থাকবে। মূলত বয়স্ক মহিলারা এই বিশেষ দর্শনের সুযোগ পেয়ে থাকেন। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় তাঁদের নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে।

শুধু মন্দির দর্শন নয়, সমুদ্রসৈকতেও জারি হয়েছে বিধিনিষেধ। পুরীর মূল সমুদ্রসৈকতের পাশাপাশি আস্তারাঙ্গা, চন্দ্রভাগা এবং বালি হরাচণ্ডী সমুদ্রসৈকতে পর্যটকদের যাতায়াতের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের সম্ভাব্য প্রভাবের কথা মাথায় রেখে পর্যটকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে বৃষ্টির আশঙ্কা

এদিকে ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে পশ্চিমবঙ্গের আবহাওয়াতেও পরিবর্তনের আশঙ্কা তৈরি হয়েছে। আজ রাত থেকেই কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি শুরু হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আগামী তিন থেকে চার দিনে দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় মিলিয়ে প্রায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে উপকূলবর্তী এলাকা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় আবহাওয়ার পরিস্থিতির উপর নজর রাখছে প্রশাসন।

ঘূর্ণিঝড়ের সম্ভাব্য গতিপথ ও শক্তির উপর নির্ভর করে পরিস্থিতির পরিবর্তন হতে পারে। তাই পর্যটক ও সাধারণ মানুষকে আবহাওয়া সংক্রান্ত সরকারি নির্দেশিকা মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.