কলকাতা: রাজ্য পুলিশের প্রশাসনিক স্তরে বড়সড় রদবদল। একসঙ্গে ৫০টি থানার ইন্সপেক্টর ইনচার্জ (আইসি) বদল করা হল। রানাঘাট, কোচবিহার, বাঁকুড়া, কৃষ্ণনগর, পশ্চিম মেদিনীপুর, দার্জিলিং, বসিরহাট-সহ রাজ্যের একাধিক পুলিশ জেলা ও কমিশনারেটের অধীনে থাকা থানাগুলিতে এই রদবদল করা হয়েছে। বুধবার রাজ্য পুলিশের তরফে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
নির্দেশিকায় সংশ্লিষ্ট আধিকারিকদের অবিলম্বে নতুন দায়িত্বে যোগ দেওয়ার কথা বলা হয়েছে। ডিআইজি, আইজি, পুলিশ সুপার-সহ সংশ্লিষ্ট আধিকারিকদের কাছে এই নির্দেশিকা পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীনে বাগুইআটি থানার নতুন আইসি হচ্ছেন কাজল বন্দ্যোপাধ্যায়। তিনি এর আগে রানাঘাট পুলিশ জেলার শান্তিপুর থানার সিআই পদে কর্মরত ছিলেন। অন্যদিকে, রানাঘাট থানার নতুন আইসি হচ্ছেন দেবাশিস সরকার। তিনি রানাঘাট পুলিশ জেলার ডিআইবি-তে ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।
কোচবিহার কোতোয়ালি থানার আইসি পদে দায়িত্ব পাচ্ছেন চন্দননগর পুলিশ কমিশনারেটের ইন্সপেক্টর সুখময় চক্রবর্তী। পুরুলিয়ার রঘুনাথপুর থানার আইসি পদে থাকা অতনু সাঁতরাকে এসটিএফে ইন্সপেক্টর পদে পাঠানো হয়েছে। তাঁর জায়গায় রঘুনাথপুর থানার নতুন আইসি হচ্ছেন সুব্রত মালাকার। তিনি এর আগে বাঁকুড়া সাইবার ক্রাইম থানার আইসি ছিলেন। সিঙ্গুর থানার আইসি সুদীপ্ত সাধুখাঁকেও এসটিএফে পাঠানো হয়েছে।
উত্তরবঙ্গের একাধিক থানাতেও আইসি পদে রদবদল হয়েছে। মিরিক থানার আইসি নয়ন চক্রবর্তীকে বসিরহাট থানার দায়িত্ব দেওয়া হয়েছে। বসিরহাট থানার বর্তমান আইসি মহম্মদ ফিরোজ আলিকে পাঠানো হয়েছে বারাকপুর পুলিশ কমিশনারেটে। দার্জিলিং ডিআইবির ইন্সপেক্টর ভূষণ ছেত্রী হচ্ছেন মিরিক থানার নতুন আইসি।
এছাড়াও রায়গঞ্জ থানার আইসি অমিতাভ দাসকে বারাকপুর পুলিশ কমিশনারেটে পাঠানো হয়েছে। ইসলামপুর থানার নতুন আইসি হচ্ছেন সিআইডির ইন্সপেক্টর প্রসেনজিৎ বিশ্বাস। অন্যদিকে, ইসলামপুরের বর্তমান আইসিকে কাঁথির কোর্ট ইন্সপেক্টর পদে বদলি করা হয়েছে।
রাজ্য পুলিশের এই ব্যাপক রদবদলে আরও একাধিক থানার আইসি পদে নতুন আধিকারিকদের দায়িত্ব দেওয়া হয়েছে।