প্রথম পাতা খবর গঙ্গাসাগর পর্যন্ত রেল চলাচলে সবুজ সংকেত, বাংলার ১৭টি প্রকল্প নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

গঙ্গাসাগর পর্যন্ত রেল চলাচলে সবুজ সংকেত, বাংলার ১৭টি প্রকল্প নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

12 views
A+A-
Reset

নয়াদিল্লি: গঙ্গাসাগর পর্যন্ত রেল যোগাযোগ গড়ে তোলার পরিকল্পনায় বড় পদক্ষেপ। রাজ্যের ১৭টি রেল প্রকল্পে সবুজ সংকেত দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৃহস্পতিবার দিল্লিতে রেল ভবনে রেলমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর এই কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আসন্ন কেন্দ্রীয় বাজেটে বাংলার রেল প্রকল্পগুলির জন্য বরাদ্দ নিশ্চিত করার বিষয়েও রেলমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন তিনি।

মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল। বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ রেল প্রকল্পের অগ্রগতি ও দ্রুত বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

গঙ্গাসাগর পর্যন্ত রেল যোগাযোগ চালু করা এই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, গঙ্গাসাগর ও কপিল মুনির আশ্রমকে রেল যোগাযোগের মাধ্যমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার অনুমোদনের আগে প্রকল্পের ডিপিআর এবং সমীক্ষার কাজ শুরু হবে। আগামী কয়েক বছরের মধ্যে গঙ্গাসাগর পর্যন্ত রেল চলাচল চালু করার লক্ষ্য রয়েছে। প্রকল্পটির জন্য প্রায় ৪,০০০ কোটি টাকা খরচ হতে পারে। রেল প্রকল্পের মানচিত্র পরিকল্পনাও তৈরি হয়ে গিয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

নন্দীগ্রামের দেশপ্রাণ-দিল্লি নতুন রেল রুটের কাজও দ্রুত শুরু করার বিষয়ে আলোচনা হয়েছে। এই প্রকল্পের জন্য ইতিমধ্যেই জমি বরাদ্দ করেছে রাজ্য সরকার। আগামী মার্চের মধ্যে কাজ শেষ করে রেল চলাচল শুরু করার বিষয়ে রেলমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

চিংড়িঘাটা মেট্রো প্রকল্পের জমি জটও কাটানো হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্যে ক্ষমতার পালাবদলের পর নতুন জমি বরাদ্দ করা হয়েছে। দ্রুত প্রকল্পটির উদ্বোধন করতে চান তিনি। প্রধানমন্ত্রী সময় দিলে চিংড়িঘাটা রেল প্রকল্পের উদ্বোধন করা হবে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

এ ছাড়াও রাজ্যে শিল্প, বিনিয়োগ ও ব্যবসার প্রসারের কথা উল্লেখ করে আরও রেক বাড়ানোর দাবি জানিয়েছেন তিনি। উত্তরবঙ্গ থেকে পণ্য পরিবহণ যাতে রেলপথে আরও সহজ ও মসৃণ হয়, সেই বিষয়েও রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে।

বাংলার বকেয়া ও চলতি রেল প্রকল্পগুলির দ্রুত বাস্তবায়নের জন্য কেন্দ্রীয় সরকারের তরফে একজন নির্দিষ্ট আধিকারিক নিয়োগের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ওই আধিকারিক বাংলার রেল প্রকল্পগুলির অগ্রগতি ও সমন্বয়ের দায়িত্বে থাকবেন।

বৈঠকের পর মুখ্যমন্ত্রী বলেন, বাংলার প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বরাবরই ইতিবাচক।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.