কলকাতা: বিচারব্যবস্থার বিরুদ্ধে করা মন্তব্যে অসন্তুষ্ট কলকাতা হাই কোর্ট। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রত্যাশিত নয় বলে মন্তব্য করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। তবে মন্তব্যগুলি ইচ্ছাকৃত আদালত অবমাননা না-ও হতে পারে বলে পর্যবেক্ষণ করেছেন তিনি। এই অসন্তোষ প্রকাশের পরেও অভিষেকের অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বাড়ানো হয়েছে। আদালত জানিয়েছে, আগামী ২৯ জানুয়ারি পর্যন্ত একটি মামলায় অন্তর্বর্তী রক্ষাকবচ পাবেন অভিষেক।
সম্প্রতি বিচারব্যবস্থার বিরুদ্ধে অভিষেকের কিছু মন্তব্যকে কেন্দ্র করে বিতর্ক তৈরি হয়েছে। শুক্রবার এই সংক্রান্ত শুনানিতে বিচারপতি ভট্টাচার্য বলেন, একজন সাংসদের কাছ থেকে এই ধরনের মন্তব্য প্রত্যাশিত নয়। তাঁর বক্তব্য, একজন সাংসদ এমন মন্তব্য করলে অনুগামীদের কাছে কী বার্তা পৌঁছয়, তা বিবেচনা করা প্রয়োজন। বিচারব্যবস্থার বিরুদ্ধে এই ধরনের মন্তব্য অত্যন্ত বেদনাদায়ক বলেও মন্তব্য করেন বিচারপতি।
তবে অভিষেকের বক্তব্যকে সরাসরি ইচ্ছাকৃত ও পরিকল্পিত আদালত অবমাননা হিসেবে বিবেচনা করা যায় কি না, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিচারপতি। তাঁর পর্যবেক্ষণ, মন্তব্যগুলি ইচ্ছাকৃত আদালত অবমাননা না-ও হতে পারে, তবে এই ধরনের মন্তব্য এড়ানো যেত।
অভিষেকের অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির বিরোধিতা করেছিল রাজ্য সরকার। সেই প্রসঙ্গে বিচারপতি জানতে চান, বিচারব্যবস্থার বিরুদ্ধে মন্তব্য করার কারণে কি কারও অন্তর্বর্তী রক্ষাকবচের মেয়াদ বৃদ্ধির আবেদন খারিজ করা যায়? এই ধরনের মন্তব্যকে কি ইচ্ছাকৃত আদালত অবমাননা হিসেবে গণ্য করা যায়?
রাজ্যের কাছে বিচারপতি জানতে চান, রক্ষাকবচ প্রত্যাহার করা বা তার মেয়াদ না বাড়ানোর মতো কোনও নতুন পরিস্থিতি তৈরি হয়েছে কি না। কী পরিবর্তিত পরিস্থিতিতে এবং কোন কারণে অভিষেক রক্ষাকবচ পাবেন না, সেই প্রশ্নও তোলেন তিনি।
বিষয়টি ব্যাখ্যা করে বিচারপতি বলেন, উপযুক্ত পরিস্থিতি তৈরি হলে আদালত অবমাননার মামলার প্রক্রিয়া শুরু করা যেতে পারে। তবে সেটি সম্পূর্ণ আলাদা আইনি প্রক্রিয়া।
হাই কোর্টে অভিষেকের হয়ে সওয়াল করেন আইনজীবী অয়ন ভট্টাচার্য। তিনি জানান, এটি একটি পৃথক মামলা। তাঁর মক্কেল আদালত বা বিচারব্যবস্থা সম্পর্কে কোথায় কী মন্তব্য করেছেন, তা তাঁর জানা নেই। মক্কেলের সঙ্গে কথা না বলে এবং প্রয়োজনীয় নির্দেশ না পেলে এ বিষয়ে তিনি কিছু বলতে পারবেন না। আদালতের বিরুদ্ধে করা কোনও মন্তব্যকে তিনি সমর্থন করেন না বলেও জানিয়েছেন আইনজীবী।