প্রথম পাতা খবর উত্তরপাড়ায় ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু মা ও মেয়ের, ছটপুজো উপলক্ষে এসেছিলেন বাংলায়

উত্তরপাড়ায় ট্রেনের ধাক্কায় মর্মান্তিক মৃত্যু মা ও মেয়ের, ছটপুজো উপলক্ষে এসেছিলেন বাংলায়

9 views
A+A-
Reset

উত্তরপাড়া: ছটপুজো উপলক্ষে মুম্বই থেকে ধানবাদে এসেছিলেন পরিবারের সঙ্গে। সেখান থেকে উত্তরপাড়ায় আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথেই মর্মান্তিক দুর্ঘটনা। ট্রেনের ধাক্কায় মৃত্যু হল মা ও মেয়ের। বুধবার রাত প্রায় ১১টা নাগাদ উত্তরপাড়া স্টেশনের কাছে রেললাইন পারাপারের সময় রক্সৌল এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দু’জনের।

মৃতদের নাম আভা ঝা ও প্রগতি ঝা। তাঁরা সম্পর্কে মা ও মেয়ে। আভা ঝার স্বামী চলচ্চিত্র পরিচালক মোহিতকুমার ঝা। প্রগতি আইন নিয়ে পড়াশোনা করছিলেন। তাঁদের বাড়ি মুম্বইয়ে।

পরিবার সূত্রে জানা গিয়েছে, ছটপুজো উপলক্ষে পরিবারের সদস্যদের সঙ্গে মুম্বই থেকে ধানবাদে এসেছিলেন আভা ও প্রগতি। সেখান থেকে উত্তরপাড়ায় এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার কথা ছিল তাঁদের। পরিকল্পনা ছিল, শুক্রবার বিমানে মুম্বই ফিরে যাবেন। কিন্তু তার আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।

বুধবার রাত প্রায় ১১টা নাগাদ উত্তরপাড়া স্টেশনের কাছে রেললাইন পারাপার করার সময় রক্সৌল এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হয় মা ও মেয়ের। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা বেলুড় জিআরপি থানায় পৌঁছন। পরিবারের সদস্য চন্দনকুমার ঝা জানান, তিনি ভাগলপুরের বাসিন্দা এবং পেশায় আইনজীবী। গ্রামের বাড়ি থেকে তিনি এসেছেন। এই কঠিন সময়ে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা তাঁদের সবরকম সহযোগিতা করছেন বলেও জানান তিনি।

একই পরিবারের দু’জনের এমন আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে। রেললাইন পারাপারের সময় অসতর্কতার কারণে দুর্ঘটনার ঘটনা নতুন নয়। রেলের তরফে বারবার রেললাইন পারাপারের জন্য ফুট ওভারব্রিজ ব্যবহারের পরামর্শ দেওয়া হয়।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.