কলকাতা: ওড়িশার গোপালপুরের কাছে ল্যান্ডফল প্রক্রিয়া শুরু করেছে ঘূর্ণিঝড় ‘আকভান’। শুক্রবার দুপুর পর্যন্ত এই প্রক্রিয়া চলতে পারে বলে পূর্বাভাস। ঘূর্ণিঝড়ের প্রভাবে ওড়িশার উপকূলবর্তী এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। পাশাপাশি পশ্চিমবঙ্গেও দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতাতেও দিনভর বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। শহরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
ঘূর্ণিঝড়ের মধ্যভাগ শুক্রবার সকালে স্থলভাগে প্রবেশের প্রক্রিয়া শুরু করেছে। দুপুরের মধ্যেই ল্যান্ডফল সম্পূর্ণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। এর প্রভাবে ওড়িশার বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি চলছে। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে, শুক্রবারও তা অব্যাহত থাকবে।
দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় অতিভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। অন্যদিকে, হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর ২৪ পরগনা ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কিছু জেলায় শনিবার থেকেই আবহাওয়ার উন্নতি হতে পারে। অন্য জেলাগুলিতে রবিবার থেকে বৃষ্টি কমবে। সোমবার থেকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে ক্রমশ কমবে তাপমাত্রা, বাড়বে শীতের আমেজ।
উত্তরবঙ্গের সব জেলাতেও শুক্রবার কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। মালদা ও দক্ষিণ দিনাজপুরে এক বা দু’টি জায়গায় বজ্রপাত এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার ও রবিবারও বিক্ষিপ্ত বৃষ্টি চলতে পারে। সোমবার থেকে উত্তরবঙ্গেও শুষ্ক আবহাওয়া ফিরবে।
কলকাতায় শুক্রবার দিনভর দফায় দফায় বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে পারে। দিন ও রাতের তাপমাত্রা কাছাকাছি থাকার সম্ভাবনা। শনিবার আকাশ মেঘলা থাকবে এবং দুপুর পর্যন্ত কয়েক পশলা বৃষ্টি হতে পারে। রবিবার আংশিক মেঘলা আকাশের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এরপর থেকে শহরে শুষ্ক আবহাওয়া থাকবে। সোমবারের পর তাপমাত্রা কমতে পারে।
শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় শহরে ৫২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। শুক্রবার শহরে ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর ফলে একাধিক এলাকায় জল জমতে পারে।
ঘূর্ণিঝড়ের পরিস্থিতির কথা মাথায় রেখে শুক্রবার পর্যন্ত বঙ্গের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দিঘা, মন্দারমণি-সহ রাজ্যের সমুদ্রসৈকতে পর্যটকদের যাতায়াত নিয়ন্ত্রণ এবং বিনোদনমূলক কার্যকলাপ বন্ধ রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর। উপকূলবর্তী এলাকায় নজরদারি ও মাইকিং চলছে।