পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন (এসএসআর) আপাতত স্থগিত করা হল। আগামী ২৩ নভেম্বর থেকে রাজ্যে এই প্রক্রিয়া শুরু হওয়ার কথা ছিল। শুক্রবার রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (সিইও)-এর দফতর বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, ‘অনিবার্য পরিস্থিতিতে’ আপাতত এসএসআর শুরু করা হচ্ছে না। তবে কী কারণে এই সিদ্ধান্ত, তা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়নি।
সিইও দফতরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২৩ নভেম্বর থেকে পশ্চিমবঙ্গে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য পরিস্থিতির কারণে তা আপাতত স্থগিত রাখা হয়েছে।
পশ্চিমবঙ্গের পাশাপাশি দেশের ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার বিশেষ সংশোধন শুরু হওয়ার কথা রয়েছে। এই প্রক্রিয়ায় নতুন ভোটারের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা, ভোটারদের তথ্য সংশোধন এবং মৃত বা স্থানান্তরিত ভোটারদের নাম বাদ দেওয়ার সুযোগ থাকে।
নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী, কোনও ভোটকেন্দ্রে মোট ভোটারের দুই শতাংশ বা তার বেশি নাম বাদ দেওয়ার প্রস্তাব এলে তা সিইও দফতরের নজরে এনে যাচাই করা হবে। সংশ্লিষ্ট নির্বাচনী আধিকারিককে নিজে বিষয়টি খতিয়ে দেখতে হবে। একই ব্যক্তি পাঁচটির বেশি ক্ষেত্রে আপত্তি জানালেও তা বিশেষভাবে যাচাই করার নির্দেশ রয়েছে।
এসএসআর এবং এসআইআর (ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন) এক প্রক্রিয়া নয়। এসএসআর একটি নিয়মিত সংশোধন প্রক্রিয়া, যা প্রতি বছরই করা হয়। সাধারণত জানুয়ারি মাসে সংশোধিত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। তবে এ বছর এসআইআরকে ঘিরে বিতর্কের আবহে এসএসআরও রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্ব পেয়েছে।
কমিশন জানিয়েছে, এসএসআরের ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক নয়। মৃত বা স্থানান্তরিত ভোটারের নাম বাদ দেওয়ার জন্য নির্দিষ্ট পোর্টালে আবেদন বা আপত্তি জানানো যাবে। পাশাপাশি পরিবারের সদস্যদের ভোটার তালিকায় একসঙ্গে রাখার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়েছে।
পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে এসআইআর নিয়ে বিতর্ক তীব্র হয়েছিল। ভোটার তালিকা থেকে বহু নাম বাদ পড়ার অভিযোগ উঠেছিল। বাদ পড়া ভোটারদের একাংশের আবেদন সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত ট্রাইবুনালে বিচারাধীন রয়েছে। এই পরিস্থিতিতে ভোটার তালিকার সংশোধন প্রক্রিয়া নিয়ে রাজ্যে রাজনৈতিক চাপানউতোর অব্যাহত।
এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের ভূমিকা ও প্রক্রিয়ার বিরুদ্ধে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল আন্দোলনও শুরু করেছে। সেই আবহেই এসএসআর শুরুর বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল কমিশন। কিন্তু পশ্চিমবঙ্গে আপাতত সেই প্রক্রিয়া স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হল।