কোলাঘাটে সড়ক প্রকল্পের শিলান্যাস অনুষ্ঠান থেকে বাংলার উন্নয়নের নতুন স্বপ্ন দেখালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহণ মন্ত্রী নীতীন গড়কড়ি (Nitin Gadkari)। আগামী পাঁচ বছরে পশ্চিমবঙ্গের রাস্তাঘাট আমেরিকার মতো উন্নত করার প্রতিশ্রুতি দিলেন তিনি। পাশাপাশি বাংলার সড়ক পরিকাঠামো উন্নয়নে আরও ১ লক্ষ কোটি টাকার প্রকল্পের ঘোষণাও করলেন কেন্দ্রীয় মন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে কার্যত নির্বাচনী সুরেই বাংলার উন্নয়নের পরিকল্পনার কথা তুলে ধরেন গড়কড়ি।
বৃহস্পতিবার কোলাঘাটের অনুষ্ঠান থেকে উদ্বোধন ও শিলান্যাস মিলিয়ে মোট ২৭ হাজার কোটি টাকার সড়ক প্রকল্পের কথা ঘোষণা করেন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বক্তব্য, উন্নত সড়ক পরিকাঠামো শুধু যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটায় না, বরং ব্যবসা, বিনিয়োগ, কর্মসংস্থান এবং নতুন শহর গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
অনুষ্ঠানে নীতীন গড়কড়ি বলেন, ২০১৪ সালে দেশের মানুষ তাঁদের আশীর্বাদে পরিবর্তন এনেছিলেন এবং প্রধানমন্ত্রী হয়েছিলেন নরেন্দ্র মোদি। তার পর থেকেই দেশের উন্নয়নের নতুন দিশা তৈরি হয়েছে। জল, পরিবহণ, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে উন্নয়নের উপর জোর দিয়েছে কেন্দ্রীয় সরকার।
বাংলার উন্নয়নের প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, রাস্তা ভালো হলে ব্যবসা বাড়বে, নতুন টাউনশিপ তৈরি হবে এবং মূলধনী বিনিয়োগ আসবে। বিনিয়োগ বাড়লে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে এবং দারিদ্র্য দূরীকরণেও সাহায্য করবে। তাঁর কথায়, বাংলার ছবিটাই বদলে দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের।
গঙ্গাসাগর, নামখানা, বীরভূম, ফরাক্কা, বহরমপুর থেকে শিলিগুড়ি—রাজ্যের বিভিন্ন অঞ্চলকে সড়কপথে আরও ঘনিষ্ঠভাবে যুক্ত করার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। বাংলার উন্নয়নে অর্থের অভাব হবে না বলেও আশ্বাস দেন কেন্দ্রীয় মন্ত্রী। পৌরাণিক ‘অক্ষয় পাত্র’-এর উদাহরণ টেনে তিনি বলেন, বাংলার উন্নয়নের জন্য প্রয়োজনীয় অর্থ দেওয়া হবে, আর প্রকল্প চাইতে চাইতে রাজ্যের মানুষ ক্লান্ত হয়ে পড়বেন।
বাংলায় বুলেট ট্রেনের সম্ভাবনা ও গতি বাড়ানোর বিষয়েও আশ্বাস দেন নীতীন গড়কড়ি। তাঁর বক্তব্যে স্পষ্ট, সড়ক ও যোগাযোগ পরিকাঠামোকে কেন্দ্র করে বাংলার উন্নয়নের একটি বড় পরিকল্পনা রয়েছে কেন্দ্রের।
তবে এই ঘোষণার রাজনৈতিক তাৎপর্য নিয়েও আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, ২০২৯ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে বাংলায় বিজেপির রাজনৈতিক কৌশলের সঙ্গে এই উন্নয়ন পরিকল্পনার যোগ রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই ৪২টি লোকসভা আসনেই বিজেপির জয়ের লক্ষ্য তুলে ধরেছেন। বিরোধীরা এসআইআর-সহ বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক লড়াই জোরদার করার চেষ্টা করছে। সেই পরিস্থিতিতে কোলাঘাটের মঞ্চ থেকে বাংলার উন্নয়নের প্রতিশ্রুতির মাধ্যমে কার্যত নির্বাচনী প্রচারের সুরও শোনা গেল বলে মনে করছে রাজনৈতিক মহল।