প্রথম পাতা খবর ভোটের আগে বাইকে কড়া লাগাম! সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত নিষেধাজ্ঞা, স্পর্শকাতর এলাকায় র‍্যালি বন্ধ

ভোটের আগে বাইকে কড়া লাগাম! সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত নিষেধাজ্ঞা, স্পর্শকাতর এলাকায় র‍্যালি বন্ধ

10 views
A+A-
Reset

আগামী ২৩ এপ্রিল প্রথম দফার বিধানসভা ভোটকে সামনে রেখে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে আরও কড়া পদক্ষেপ নিল Election Commission of India। এবার রাজ্যে মোটরবাইক চলাচলের উপর একাধিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে, যা ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক ও সাধারণ মহলে বিতর্ক শুরু হয়েছে।

কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভোটের দু’দিন আগে থেকেই স্পর্শকাতর এলাকাগুলিতে মোটরবাইক র‍্যালি বা মিছিল সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত মোটরবাইক চলাচলেও নিষেধাজ্ঞা জারি থাকবে। তবে জরুরি চিকিৎসা পরিষেবা বা পারিবারিক প্রয়োজনের ক্ষেত্রে এই নিয়মে কিছুটা ছাড় রাখা হয়েছে।

শুধু রাস্তায় চলাচলই নয়, বাইকে আরোহী বসানো নিয়েও কড়া নির্দেশ দিয়েছে কমিশন। ভোটের আগে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাইকের পিছনে কাউকে বসানো যাবে না। যদিও স্কুলপড়ুয়াদের যাতায়াত, চিকিৎসাজনিত প্রয়োজন বা জরুরি পারিবারিক কাজে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না বলে জানানো হয়েছে।

এর বাইরে বিশেষ কোনও প্রয়োজনে বাইক ব্যবহারের ক্ষেত্রে সংশ্লিষ্ট থানার কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। এই নিয়ম যাতে কঠোরভাবে কার্যকর হয়, তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।

কমিশনের দাবি, ভোটের সময় বাইক বাহিনীর দাপট কমানো এবং ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ। যদিও বিরোধীরা কটাক্ষ করে বলছে, এভাবে ধাপে ধাপে সাধারণ মানুষের চলাচলেও বিধিনিষেধ বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে ভোটের আগে এই নির্দেশ নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.