প্রথম পাতা খবর ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক ভোটার তালিকা প্রকাশ, এপিক নম্বরেই মিলবে স্ট্যাটাস

ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া বুথভিত্তিক ভোটার তালিকা প্রকাশ, এপিক নম্বরেই মিলবে স্ট্যাটাস

122 views
A+A-
Reset

সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে অবশেষে অতিরিক্ত বা সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ট্রাইবুনালে বিবেচনাধীন থাকা ভোটারদের তথ্য নিষ্পত্তির পর যাঁদের আবেদন গৃহীত হয়েছে, তাঁদের নাম কমিশনের নির্দিষ্ট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। ফলে ভোটাররা এখন তাঁদের এপিক নম্বর ব্যবহার করে সহজেই জানতে পারবেন, তালিকায় তাঁদের নাম অন্তর্ভুক্ত হয়েছে কি না।

কমিশন সূত্রে জানা গিয়েছে, ট্রাইবুনালে নিষ্পত্তি হওয়া ভোটারদের ‘অ্যাডিশন’ (নতুন সংযোজন) এবং ‘ডিলিশন’ (নাম বাদ) — এই দুই তালিকাই ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তবে মোট কতজনের নাম যুক্ত হল এবং কতজন বাদ গেল, সেই পূর্ণাঙ্গ হিসাব বুধবার বিকেলের মধ্যেই জানানো হবে। যেসব বুথে এখনও ভোটারদের তথ্য যাচাই সম্পূর্ণ হয়নি, সেই বুথগুলির তথ্যও সংশ্লিষ্ট ওয়েবসাইটে আলাদা করে দেখানো হচ্ছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ অগ্রবাল জানিয়েছেন, ট্রাইবুনাল থেকে যাঁরা অনুমোদন পাবেন, তাঁদের নামই চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে। বিশেষ করে প্রথম দফার ভোটের আগে এই প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছিল শীর্ষ আদালত। ফলে ২৩ এপ্রিল অনুষ্ঠিত হতে চলা প্রথম দফার নির্বাচনে কারা ভোট দিতে পারবেন, তা ইতিমধ্যেই স্পষ্ট হয়ে গিয়েছে।

উল্লেখ্য, প্রথম দফায় রাজ্যের ১৫২টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হবে। এসআইআর প্রক্রিয়া শুরুর আগে ওই আসনগুলিতে মোট ভোটারের সংখ্যা ছিল প্রায় ৩ কোটি ৯৮ লক্ষের বেশি। তবে যাচাই-বাছাই এবং নিষ্পত্তির পর এই সংখ্যা কমে দাঁড়িয়েছে প্রায় ৩ কোটি ৬০ লক্ষের কিছু বেশি। অর্থাৎ, উল্লেখযোগ্য সংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে বলেই অনুমান করা হচ্ছে।

যাঁদের নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়নি, তাঁদের অনেকেই ইতিমধ্যে ট্রাইবুনালে আবেদন জানিয়েছেন। নির্বাচন কমিশন সূত্রে খবর, সমস্ত প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে, যাতে ভোটের আগে কোনও বিভ্রান্তি না থাকে। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন জেলায় এই তালিকা নিয়ে ভোটারদের আগ্রহ তুঙ্গে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.