নিট প্রশ্নফাঁস ইস্যুকে কেন্দ্র করে ককরোচ জনতা পার্টি (CJP)-র আন্দোলন ঘিরে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, তখন তার পাল্টা কর্মসূচি ঘোষণা করল বিজেপি। সোমবার কলকাতার রাস্তায় ‘তিরঙ্গা যাত্রা’ করবে গেরুয়া শিবির। শিয়ালদহ স্টেশন থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত এই মিছিলের আয়োজন করেছে উত্তর কলকাতা বিজেপি।
দলীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেল ৩টেয় শিয়ালদহ স্টেশন থেকে মিছিল শুরু হবে। শিয়ালদহ ফ্লাইওভার, মৌলালি এবং এস.এন. ব্যানার্জি রোড হয়ে ডোরিনা ক্রসিং পর্যন্ত যাবে এই কর্মসূচি। বিজেপির দাবি, সাম্প্রতিক আন্দোলনের নামে যে অশান্তি ও হিংসার অভিযোগ উঠেছে, তারই প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়েছে।
শুক্রবার ধর্মতলার ডোরিনা ক্রসিং এলাকায় CJP-র সমর্থনে হওয়া বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়। বিক্ষোভ চলাকালীন পুলিশের দিকে জুতো ও জলের বোতল ছোড়ার অভিযোগ ওঠে। পুলিশকর্মীদের লক্ষ্য করে জল ছোড়া এবং কয়েকজন সংবাদমাধ্যমের প্রতিনিধির সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগও সামনে আসে। যদিও এই অভিযোগের বিষয়ে আন্দোলনকারীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।
এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, গণতান্ত্রিক আন্দোলনে সরকারের আপত্তি নেই, তবে আন্দোলনের নামে কোনও দেশবিরোধী কার্যকলাপ বা আইনশৃঙ্খলা ভঙ্গ বরদাস্ত করা হবে না।
এই আবহেই বিজেপির এক নেতা বলেন, প্রতিবাদের অধিকার সকলের রয়েছে, কিন্তু তার অর্থ সাংবাদিকদের উপর হামলা বা ভারতবিরোধী স্লোগান হতে পারে না। সেই বার্তা দিতেই ‘তিরঙ্গা যাত্রা’র আয়োজন করা হয়েছে বলে দাবি দলের।
এদিকে, CJP ও বামপন্থী সংগঠনগুলির আন্দোলনের পাল্টা কর্মসূচিতে সংঘ পরিবারের একাধিক সংগঠনও সক্রিয় হচ্ছে। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP), শিক্ষক-অধ্যাপকদের বিভিন্ন সংগঠন এবং বিদ্যা ভারতী-সহ একাধিক সংগঠন ‘শিক্ষা সংস্কৃতি সুরক্ষা মঞ্চ’-এর ব্যানারে রাজ্যের বিভিন্ন জেলায় মিছিল ও পথসভার কর্মসূচি নিয়েছে। শনিবার থেকেই সেই কর্মসূচি শুরু হয়েছে বলে সংগঠন সূত্রে দাবি।