কালীপুজোর রাতে নিষিদ্ধ বাজি ফাটানো রুখতে সময় বেঁধে দিয়েছিল প্রশাসন। কিন্তু সেই নির্দেশ উপেক্ষা করেই কলকাতার বিভিন্ন এলাকায় দেদার শব্দবাজি ফাটানোর অভিযোগ উঠল। একদিকে শহরজুড়ে পুলিশের অভিযান ও ধরপাকড়, অন্যদিকে শব্দবাজির তাণ্ডব নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন নাগরিকদের একাংশ। কলকাতা পুলিশের পরিসংখ্যান বলছে, কালীপুজোর রাতে নিষিদ্ধ বাজি পোড়ানো এবং অসংযত আচরণের অভিযোগে মোট ৫৯২ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে গত বছরের তুলনায় বাজি বাজেয়াপ্তের পরিমাণ অনেকটাই কম।
কলকাতা পুলিশ জানিয়েছে, রবিবার কালীপুজোর রাতে নিষিদ্ধ বাজি পোড়ানোর অভিযোগে ২০৫ জনকে গ্রেফতার করা হয়েছে। অসংযত আচরণের অভিযোগে গ্রেফতার হয়েছেন আরও ৩৮৭ জন। সব মিলিয়ে গ্রেফতারের সংখ্যা ৫৯২। গোটা দিনে শহরের বিভিন্ন প্রান্ত থেকে ২৩৮.৬ কেজি নিষিদ্ধ বাজি এবং ৬ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করা হয়েছে।
গত বছরের পরিসংখ্যানের সঙ্গে তুলনা করলে বাজি বাজেয়াপ্তের পরিমাণে বড়সড় ফারাক দেখা যাচ্ছে। ২০২৫ সালে নিষিদ্ধ বাজি পোড়ানোর অভিযোগে ১৮৩ জনকে গ্রেফতার করা হয়েছিল। অসংযত আচরণের জন্য গ্রেফতার হয়েছিলেন ৪৫১ জন এবং জুয়া খেলার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন ৬ জন। সে বছর মোট ৮৫২.৪৫ কেজি বাজি এবং ৬৮.৪ লিটার বেআইনি মদ বাজেয়াপ্ত করেছিল পুলিশ। অর্থাৎ, এ বছর নিষিদ্ধ বাজি পোড়ানোর অভিযোগে গ্রেফতারির সংখ্যা বাড়লেও বাজেয়াপ্ত বাজির পরিমাণ গত বছরের তুলনায় অনেক কম।
পথ-বিধি ভাঙার অভিযোগে ৫৯৩টি মামলা
কালীপুজোর রাতে পথ-বিধি ভাঙার অভিযোগেও একাধিক মামলা দায়ের হয়েছে। কলকাতা পুলিশের হিসাব অনুযায়ী, হেলমেট ছাড়া দু’চাকা চালানোর জন্য ৩৩২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। চালকের পিছনের আসনে বসে হেলমেট না পরার জন্য মামলা হয়েছে ১২২ জনের বিরুদ্ধে। বেপরোয়া ভাবে গাড়ি চালানোর অভিযোগে ৭৫টি এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর জন্য ৬৪টি মামলা দায়ের হয়েছে। সব মিলিয়ে পথ-বিধি ভাঙার অভিযোগে মামলার সংখ্যা ৫৯৩। গত বছর এই সংখ্যা ছিল ৮৮২।
নির্দেশিকা সত্ত্বেও শব্দবাজির অভিযোগ
কালীপুজোর আগে রাজ্য সরকারের তরফে বাজি পোড়ানো নিয়ে একাধিক নির্দেশিকা জারি করা হয়েছিল। জানানো হয়েছিল, দীপাবলি বা কালীপুজোর রাতে রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত বাজি ফাটানো যাবে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অনুমোদিত সবুজ বাজি ছাড়া অন্য বাজি ব্যবহারের ক্ষেত্রে কড়া আইনি পদক্ষেপেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছিল। পাশাপাশি স্কুল ও হাসপাতালের মতো ‘সাইলেন্স জ়োন’-এর ১০০ মিটারের মধ্যে বাজি ফাটানো নিষিদ্ধ বলে জানানো হয়েছিল।
তার পরেও রবিবার বিকেল থেকে শহরের বিভিন্ন এলাকায় শব্দবাজির দাপট বেড়েছে বলে অভিযোগ ওঠে। রাতে পুলিশকে সঙ্গে নিয়ে পথে নামতে হয় পুরমন্ত্রী অগ্নিমিত্রা পালকে। পরিস্থিতি নিয়ে তিনি পুলিশ কমিশনার অজয় নন্দের সঙ্গেও যোগাযোগ করেন বলে জানা গিয়েছে।
শব্দবাজির তাণ্ডব নিয়ে নাগরিকদের একাংশের অভিযোগ, প্রশাসনের নির্দেশিকা কার্যকর করার ক্ষেত্রে পুলিশের নজরদারি যথেষ্ট ছিল না। বিশেষ করে বাড়িতে অসুস্থ ব্যক্তি, শিশু ও পোষ্য রয়েছে, এমন পরিবারগুলি সমস্যায় পড়েছে বলে অভিযোগ। বাজি পোড়ানো নিয়ে শাসকদলের কিছু বিধায়ক ও নেতার মন্তব্যও পরিস্থিতিকে প্রভাবিত করেছে বলে দাবি করেছেন নাগরিকদের একাংশ। তাঁদের বক্তব্য, বাজি পোড়ানো নিয়ে নেতাদের উৎসাহব্যঞ্জক মন্তব্যের পর শব্দবাজির ব্যবহার আরও বেড়েছে।
সব মিলিয়ে, গ্রেফতারি ও বাজি বাজেয়াপ্তের পরিসংখ্যান থাকলেও কালীপুজোর রাতে শব্দদূষণ নিয়ন্ত্রণে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।