প্রথম পাতা খবর নবদ্বীপে রাস বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বাজানো নিয়ে প্রতিবাদ, হেনস্থার অভিযোগ মিশনের সন্ন্যাসীর

নবদ্বীপে রাস বিসর্জনের শোভাযাত্রায় ডিজে বাজানো নিয়ে প্রতিবাদ, হেনস্থার অভিযোগ মিশনের সন্ন্যাসীর

10 views
A+A-
Reset

নবদ্বীপে রাস বিসর্জনের শোভাযাত্রায় উচ্চস্বরে ডিজে বাজানোর প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার শিকার হলেন রামকৃষ্ণ মিশনের শাখা সম্পাদক অমরেশ্বরানন্দ। তাঁর অভিযোগ, প্রতিবাদ জানাতে গেলে তাঁকে গালিগালাজ করা হয়। এমনকি, তাঁর গলার গেরুয়া উত্তরীয় ধরে টানাটানিও করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় ইতিমধ্যেই এক জনকে গ্রেফতার করেছে পুলিশ।

রামকৃষ্ণ মিশনের সূত্রে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় রানিরচড়া বটতলার ‘শ্রীশ্রী সতীর দেহত্যাগ বারোয়ারি কমিটি’-র প্রতিমা বিসর্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছিল। শোভাযাত্রার গন্তব্য ছিল পীরতলা খাল। সেই শোভাযাত্রার সঙ্গে থাকা সাউন্ড সিস্টেম মিশনের মূল ফটকের সামনে রাখা হয়। ওই সময় মিশনের প্রার্থনাগৃহে সন্ধ্যারতি চলছিল। উচ্চস্বরে ডিজে বাজানোর কারণে প্রার্থনায় বিঘ্ন ঘটছিল বলে অভিযোগ।

সন্ন্যাসী অমরেশ্বরানন্দ জানিয়েছেন, তিনি নিজেই বাইরে এসে সাউন্ড বক্সের মুখ অন্য দিকে ঘুরিয়ে দেওয়ার অনুরোধ করেন। কিন্তু তাঁর অভিযোগ, কিছুক্ষণ পরেও শব্দের তীব্রতা কমেনি। বরং তা আরও বেড়ে যায়। এরপর আরতির মাঝপথে ফের বাইরে বেরিয়ে বাজনার শব্দ কমানোর অনুরোধ করেন তিনি। সেই সময়ই কয়েকজন তাঁকে হেনস্থা করেন বলে অভিযোগ। তাঁর গলার গেরুয়া উত্তরীয় ধরে টানাটানিও করা হয় বলে দাবি করেছেন ওই সন্ন্যাসী।

ঘটনার পর নবদ্বীপ রামকৃষ্ণ মিশনের পরিচালন সমিতির সহ-সভাপতি সব্যসাচী মণ্ডল জানান, বিষয়টি রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর দফতরকে জানানো হয়েছে। পাশাপাশি মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, নদিয়ার জেলাশাসক, কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার, নবদ্বীপের বিধায়ক এবং কেন্দ্রীয় রাস উৎসব কমিটির কাছেও অভিযোগ জানানো হয়েছে।

সব্যসাচী মণ্ডলের কথায়, ঐতিহ্যবাহী রাস উৎসবের সময় এক জন সন্ন্যাসীর সঙ্গে এমন অশালীন আচরণ কোনওভাবেই বরদাস্ত করা যায় না। তবে নিগৃহীত সন্ন্যাসী অমরেশ্বরানন্দ জানিয়েছেন, তিনি কারও ব্যক্তিগত ক্ষতি চান না।

কৃষ্ণনগর পুলিশ জেলার পুলিশ সুপার অতুল ভি জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে এক জনকে গ্রেফতার করা হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.