প্রথম পাতা খবর এসআরএফটিআই ক্যাম্পাসে ফের উত্তেজনা, ভোরে মঞ্চ সরাল পুলিশ

এসআরএফটিআই ক্যাম্পাসে ফের উত্তেজনা, ভোরে মঞ্চ সরাল পুলিশ

16 views
A+A-
Reset

সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট (এসআরএফটিআই)-এর ক্যাম্পাসে ফের উত্তেজনা। শনিবার ভোরে বিপুল সংখ্যক পুলিশকর্মী ক্যাম্পাসে ঢুকে আন্দোলনরত পড়ুয়াদের ধর্নামঞ্চ সরিয়ে দিয়েছেন বলে অভিযোগ। পড়ুয়াদের দাবি, মঞ্চের আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী দু’টি ছোট পিক-আপ ভ্যানে তুলে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়। এই অভিযানের সময়ে পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগ, মারধর এবং ছাত্রীদের হেনস্থার অভিযোগও উঠেছে।

এক পড়ুয়ার দাবি, শনিবার সকাল ৬টা নাগাদ প্রায় ৩০০ পুলিশকর্মী ক্যাম্পাসে প্রবেশ করেন। তাঁদের মধ্যে অনেকের মুখ কাপড়ে ঢাকা ছিল বলে অভিযোগ। এরপর ধর্নামঞ্চে থাকা আসবাবপত্র ও অন্যান্য সামগ্রী সরিয়ে দেওয়া হয়। পড়ুয়াদের দাবি, ওই সমস্ত সামগ্রী প্রতিষ্ঠানেরই সম্পত্তি। তা সত্ত্বেও সেগুলি দু’টি ছোট পিক-আপ ভ্যানে করে ক্যাম্পাসের বাইরে নিয়ে যাওয়া হয়।

ঘটনার প্রতিবাদ করতে গেলে পড়ুয়াদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয় বলে অভিযোগ। কয়েকজন পড়ুয়াকে টেনেহিঁচড়ে সরিয়ে দেওয়া হয় বলে দাবি আন্দোলনকারীদের। ছাত্রীদের সঙ্গেও টানাহেঁচড়া করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। সেই সময় মোবাইল ফোনে ছবি ও ভিডিয়ো তুলছিলেন কয়েকজন পড়ুয়া। তাঁদের ফোন কেড়ে নেওয়ার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ। এক পড়ুয়ার কথায়, কোনও প্ররোচনা ছাড়াই তাঁদের উপর আক্রমণ চালানো হয়েছে।

পড়ুয়াদের দাবি, সকাল সাড়ে ৭টা পর্যন্ত ক্যাম্পাসে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিল। হস্টেল থেকে গেটের দিকে যেতে বাধা দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। ক্যাম্পাসের বাইরে যাওয়ার ক্ষেত্রেও সমস্যার মুখে পড়তে হচ্ছিল তাঁদের। পুলিশের উপস্থিতির কারণে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় পড়ুয়াদের মধ্যে যোগাযোগ করতেও অসুবিধা হচ্ছিল বলে দাবি।

অন্যদিকে, এসআরএফটিআই কর্তৃপক্ষ একটি বিবৃতি দিয়ে জানিয়েছেন, এক মাসেরও বেশি সময় ধরে পড়ুয়াদের একাংশ ক্যাম্পাসের ভিতরে অবৈধভাবে অবস্থান করছিলেন। আদালতের হস্তক্ষেপ এবং কলকাতা পুলিশের সহযোগিতায় সেই অবৈধ কাঠামো সরানো হয়েছে।

কর্তৃপক্ষের অভিযোগ, শান্তিপূর্ণ প্রতিবাদের আড়ালে ক্যাম্পাসে আগুন জ্বালানো, জোরে গান বাজানো, দিনভর ও গভীর রাত পর্যন্ত পার্টি করা, বহিরাগতদের এনে কর্মী ও শিক্ষকদের ভয় দেখানো এবং মাদক বা মদ্যপানের মতো কর্মকাণ্ড চলছিল।

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর থেকে পড়ুয়াদের আন্দোলন এবং কর্তৃপক্ষের সঙ্গে সংঘাত ঘিরে এসআরএফটিআই-তে অচলাবস্থা চলছে। বিশেষ নির্দেশিকা জারি করে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত পঠনপাঠন বন্ধ রেখেছেন কর্তৃপক্ষ। তার মধ্যেই শনিবারের পুলিশি অভিযান পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলেছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.