ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে লাগাতার বৃষ্টিতে ভিজেছিল বাংলা। সেই পরিস্থিতি কাটতে না কাটতেই ফের আন্দামান সাগরে নতুন করে ঘূর্ণাবর্তের ভ্রুকুটি। এই ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে নিম্নচাপ ক্ষেত্র তৈরি করতে পারে। ডিসেম্বরের শুরুতে বঙ্গোপসাগরে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আপাতত সেই নিম্নচাপের সরাসরি প্রভাব বাংলায় পড়বে না বলেই পূর্বাভাস।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যে শীতের আমেজ বজায় থাকবে। ভোরের দিকে বেশ কিছু জেলায় হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে যাবে। দিনের আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং আবহাওয়া শুষ্ক থাকবে।
আগামী দু’দিন রাজ্যের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। প্রায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। শনিবারও রাজ্যে শীতের আমেজ বজায় রয়েছে। তবে রবিবার ও সোমবার তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস।
উত্তরবঙ্গেও কমেছে তাপমাত্রা। আগামী দু’দিন উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে হালকা কুয়াশার সম্ভাবনা রয়েছে। পার্বত্য এলাকায় কুয়াশার ঘনত্ব বেশি থাকতে পারে।
কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে রয়েছে। শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬০ থেকে ৯৭ শতাংশ। হালকা উত্তুরে হাওয়ার প্রভাবে কলকাতায় আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে।
আগামী ৪৮ ঘণ্টায় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তা ১৭ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকার সম্ভাবনা। আগামী সাতদিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস।