প্রথম পাতা খবর ১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, দমদম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

১৯ বছর পর কলকাতায় ফিরলেন তসলিমা নাসরিন, দমদম বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা

9 views
A+A-
Reset

দীর্ঘ ১৯ বছর পর কলকাতায় ফিরলেন নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন। শুক্রবার বেলায় তিনি দমদমের নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন। চোখে চশমা, পরনে লাল পাড়ের সাদা শাড়ি—এই পরিচিত সাজেই বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন তিনি। সেখানে উপস্থিত সংবাদমাধ্যমের সঙ্গে সংক্ষিপ্ত কথোপকথনে তসলিমা বলেন, “খুবই ভাল লাগছে। আপনাদের সবাইকে ধন্যবাদ।”

কলকাতায় রওনা দেওয়ার আগে সমাজমাধ্যমে নিজের একটি ছবি পোস্ট করে তসলিমা লিখেছিলেন, “আজি এ প্রভাতে কলিকাতা অভিমুখে যাত্রা করিলাম।” সেই পোস্ট ঘিরেই তাঁর কলকাতা সফর নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল।

শনিবার রবীন্দ্র সদনে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তাঁর। একাধিক সংগঠনের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন বিশিষ্ট ব্যক্তির পাশাপাশি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে আয়োজকদের দাবি।

শুক্রবার বিমানবন্দরে তসলিমাকে স্বাগত জানান দমদম উত্তরের বিধায়ক সৌরভ সিকদার এবং অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মোহিত রায়। আয়োজক সংগঠনগুলির মধ্যে রয়েছে ‘সেক্যুলার মিশন’। সংগঠনের পক্ষ থেকে কলকাতা হাই কোর্টের আইনজীবী ওসমান মল্লিক সম্প্রতি সমাজমাধ্যমে লিখেছিলেন, “দীর্ঘ প্রতীক্ষার অবসান…। আমরা তাঁর সংগ্রামের সঙ্গে ছিলাম, আছি, থাকব।”

২০০৭ সালের বিতর্কের পর দীর্ঘ অনুপস্থিতি

২০০৭ সালে তসলিমা নাসরিনের ‘দ্বিখণ্ডিত’ উপন্যাসকে ঘিরে কলকাতার বিভিন্ন এলাকায় তীব্র উত্তেজনা তৈরি হয়েছিল। বিশেষ করে সংখ্যালঘু অধ্যুষিত এলাকাগুলিতে বিক্ষোভ ও অশান্তির পরিস্থিতি সৃষ্টি হওয়ায় প্রশাসনকে সেনা মোতায়েন করতে হয়েছিল। সে সময় রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য। তৎকালীন বামফ্রন্ট সরকার বইটির উপর নিষেধাজ্ঞা জারি করে এবং তসলিমাকে কলকাতা ছাড়তে বলা হয়।

পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস সরকারের আমলেও তাঁর কলকাতায় প্রত্যাবর্তন আর সম্ভব হয়নি। রাজ্যে বিজেপি সরকার গঠনের প্রায় দু’মাসের মধ্যেই দীর্ঘ বিরতির অবসান ঘটিয়ে আবার কলকাতায় ফিরলেন বিতর্কিত এই লেখিকা।

নিরাপত্তায় বিশেষ নজর

অনুষ্ঠানের অন্যতম উদ্যোক্তা মোহিত রায় কয়েক দিন আগে জানিয়েছিলেন, তসলিমার এ রাজ্যে আসার ক্ষেত্রে কোনও আইনি বাধা নেই। তাঁর কথায়, “নতুন আবহে আমরা যাঁরা দীর্ঘ দিন তসলিমার সঙ্গে যোগাযোগ রাখি, তাঁরা ঠিক করলাম তসলিমাকে কলকাতায় আনব।”

তিনি আরও জানান, এই অনুষ্ঠানের সঙ্গে কোনও রাজনৈতিক উদ্দেশ্য জড়িত নয়। তসলিমার কবিতা ও গানকে কেন্দ্র করেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। পাশাপাশি লেখিকার নিরাপত্তার বিষয়টিকেও সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে এবং সরকারের তরফে প্রয়োজনীয় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.