প্রথম পাতা খেলা কলকাতায় ব্রাজ়িল বনাম ভারত! ৩ অক্টোবর যুবভারতীতে ঐতিহাসিক ম্যাচ, আসতে পারেন ভিনিসিয়াস-আনচেলোত্তিরা

কলকাতায় ব্রাজ়িল বনাম ভারত! ৩ অক্টোবর যুবভারতীতে ঐতিহাসিক ম্যাচ, আসতে পারেন ভিনিসিয়াস-আনচেলোত্তিরা

6 views
A+A-
Reset

নিজস্ব সংবাদদাতা: ভারতীয় ফুটবলের ইতিহাসে নতুন অধ্যায় রচিত হতে চলেছে। আগামী ৩ অক্টোবর কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজ়িলের বিরুদ্ধে প্রদর্শনী ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল। বৃহস্পতিবার যৌথভাবে এই ম্যাচের ঘোষণা করেছে ব্রাজ়িল ফুটবল কনফেডারেশন (CBF) এবং অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (AIFF)।

যুবভারতী স্টেডিয়ামে প্রায় ৭০ হাজার দর্শক একসঙ্গে এই ঐতিহাসিক ম্যাচ উপভোগ করতে পারবেন। ম্যাচ শুরুর সময় এখনও ঘোষণা করা হয়নি।

ইতিহাসের সাক্ষী হতে চলেছে কলকাতা

ভারত তো বটেই, এশিয়াতেও সাম্প্রতিক সময়ে এত বড় আন্তর্জাতিক প্রদর্শনী ম্যাচ খুব কমই হয়েছে। ২০১১ সালে লিওনেল মেসির আর্জেন্টিনা যুবভারতীতে খেললেও প্রতিপক্ষ ছিল ভেনেজুয়েলা। এবার প্রথমবার ভারতের মুখোমুখি হতে চলেছে ব্রাজ়িল।

১৯৯২ সালে ফিফা র‍্যাঙ্কিং ব্যবস্থা চালু হওয়ার পর এত উচ্চ র‍্যাঙ্কিংয়ের দলের বিরুদ্ধে ভারতের খেলার নজির নেই। ফলে ভারতীয় ফুটবলারদের কাছে এটি এক অনন্য অভিজ্ঞতা হতে চলেছে।

ভারত সফরের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবে ব্রাজ়িল

ব্রাজ়িল ফুটবল সংস্থা জানিয়েছে, ২৫ সেপ্টেম্বর টাউন্সভিলে এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি প্রদর্শনী ম্যাচ খেলবে তারা। এরপর ভারত সফরে এসে ৩ অক্টোবর কলকাতায় ভারতের বিরুদ্ধে মাঠে নামবে।

ভারতে এই প্রথম ম্যাচ খেলতে আসছে ব্রাজ়িল।

ভারত নিয়ে কী বলল ব্রাজ়িল ফুটবল সংস্থা?

ব্রাজ়িল ফুটবল সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে,

“ব্রাজ়িলের বাইরে সবচেয়ে বেশি ব্রাজ়িল সমর্থক রয়েছে ভারতে। প্রজন্মের পর প্রজন্ম ধরে ভারতীয় সমর্থকরা আমাদের ফুটবলকে ভালোবেসেছেন। লক্ষ লক্ষ ভারতীয় সমর্থকদের সামনে খেলতে মুখিয়ে রয়েছি।”

দেখা যেতে পারে তারকা ফুটবলারদের

বিশ্বকাপের পর ভারতের বিরুদ্ধে এটি হবে ব্রাজ়িলের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যাচ। ফলে কোচ কার্লো আনচেলোত্তি-র সঙ্গে ভিনিসিয়াস জুনিয়র, এনদ্রিক, মারকুইনহোস, ব্রুনো গিমারায়েস, মাতিয়াস কুনহা-সহ একাধিক তারকা ফুটবলারের কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে।

তবে এটি প্রদর্শনী ম্যাচ হওয়ায় সব প্রথম সারির ফুটবলার খেলবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। অনেক সময় ক্লাবগুলি এই ধরনের ম্যাচের জন্য তারকা ফুটবলারদের ছাড়পত্র দিতে অনীহা প্রকাশ করে।

AIFF: ভারতীয় ফুটবলের জন্য ঐতিহাসিক মুহূর্ত

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন জানিয়েছে, ব্রাজ়িলের মতো বিশ্বসেরা দলের বিরুদ্ধে খেলার সুযোগ ভারতীয় ফুটবলের জন্য বিরাট প্রাপ্তি।

ফেডারেশনের ডেপুটি সেক্রেটারি জেনারেল এম. সত্যনারায়ণ বলেন,
“ব্রাজ়িলের মতো একটি দল ভারতে খেলতে আসছে, এটাই অসাধারণ ঘটনা। ভারতীয় ফুটবলের ইতিহাসে এটি একটি বড় মাইলফলক।”

জাতীয় দলের ডিরেক্টর তথা প্রাক্তন ভারতীয় গোলরক্ষক সুব্রত পাল বলেন,
“এটি শুধু একটি ম্যাচ নয়, ভারতীয় ফুটবলারদের কাছে আজীবনের স্মৃতি হয়ে থাকবে। বিশ্বের অন্যতম সফল দলের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা তাদের আরও বড় স্বপ্ন দেখতে অনুপ্রাণিত করবে।”

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.