প্রথম পাতা খবর উচ্চমাধ্যমিকে কি উঠে যাচ্ছে সেমেস্টার প্রথা? আগামী শিক্ষাবর্ষ থেকে নিয়ম বদলের জল্পনা

উচ্চমাধ্যমিকে কি উঠে যাচ্ছে সেমেস্টার প্রথা? আগামী শিক্ষাবর্ষ থেকে নিয়ম বদলের জল্পনা

6 views
A+A-
Reset

আগামী শিক্ষাবর্ষ থেকে উচ্চমাধ্যমিকের পরীক্ষা পদ্ধতিতে কি ফের বদল আসতে চলেছে? উঠে যেতে পারে সেমেস্টার প্রথা? এই নিয়ে শিক্ষামহলে শুরু হয়েছে জল্পনা। যদিও এ বিষয়ে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে উচ্চমাধ্যমিকের বর্তমান পরীক্ষা পদ্ধতি নিয়ে বদলের ভাবনাচিন্তা চলছে বলে খবর।

একসময় একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষা নেওয়া হত। পরবর্তীকালে শুধুমাত্র দ্বাদশ শ্রেণির সিলেবাসের ভিত্তিতে উচ্চমাধ্যমিক পরীক্ষা চালু হয়। এরপর বিগত তৃণমূল সরকারের আমলে ফের পরীক্ষা পদ্ধতিতে পরিবর্তন আনা হয়। চালু হয় সেমেস্টার ব্যবস্থা। সেই নিয়ম অনুযায়ী, একাদশ ও দ্বাদশ শ্রেণি মিলিয়ে মোট চারটি সেমেস্টার পরীক্ষায় বসতে হয় পড়ুয়াদের।

সেমেস্টার ব্যবস্থা নিয়ে শিক্ষকদের আপত্তি

উচ্চমাধ্যমিকের সেমেস্টার ব্যবস্থা নিয়ে একাংশ শিক্ষকের মধ্যে অসন্তোষ রয়েছে। তাঁদের দাবি, এই পদ্ধতির কারণে পড়ুয়াদের নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে। পাশাপাশি, এই ব্যবস্থায় পড়ুয়াদের সার্বিক উন্নতিও প্রত্যাশিত মাত্রায় হচ্ছে না বলে অভিযোগ শিক্ষকদের একাংশের।

এই পরিস্থিতিতে রাজ্যে সরকার পরিবর্তনের পর উচ্চমাধ্যমিকের সেমেস্টার পদ্ধতি নিয়ে নতুন করে ভাবনাচিন্তা শুরু হয়েছে বলে খবর। পরীক্ষা পদ্ধতিতে বদল আনার দাবিও নাকি জমা পড়েছে বিকাশ ভবনে।

বিকাশ ভবনে বৈঠক, তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি

সূত্রের খবর, সেমেস্টার ব্যবস্থা নিয়ে বিকাশ ভবনে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের বৈঠকও হয়েছে। তবে সেমেস্টার প্রথা পুরোপুরি তুলে দেওয়া হবে, নাকি পরীক্ষা পদ্ধতিতে অন্য কোনও পরিবর্তন আনা হবে, তা এখনও স্পষ্ট নয়।

আগামী শিক্ষাবর্ষ থেকেই নতুন নিয়ম কার্যকর হবে কি না, সে বিষয়েও নিশ্চিত করে কিছু জানানো হয়নি। ফলে আপাতত উচ্চমাধ্যমিকের সেমেস্টার ব্যবস্থা নিয়ে জল্পনা থাকলেও পড়ুয়া, শিক্ষক ও অভিভাবকদের চূড়ান্ত সিদ্ধান্তের জন্য অপেক্ষা করতে হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.