প্রথম পাতা খবর পিছোতে পারে ২০২৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষাও! মাধ্যমিকের নতুন সূচির দিকে তাকিয়ে শিক্ষা সংসদ

পিছোতে পারে ২০২৭ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষাও! মাধ্যমিকের নতুন সূচির দিকে তাকিয়ে শিক্ষা সংসদ

7 views
A+A-
Reset

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি বদলের প্রস্তাবের পর এবার উচ্চমাধ্যমিক পরীক্ষাও পিছিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। জনগণনা প্রক্রিয়ায় বিপুল সংখ্যক স্কুলশিক্ষক যুক্ত থাকায় পরীক্ষার আয়োজন নিয়ে প্রশাসনিক জটিলতার আশঙ্কা করা হচ্ছে। সেই পরিস্থিতিতে মাধ্যমিকের পরিবর্তিত সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে উচ্চমাধ্যমিক পরীক্ষার নতুন খসড়া সূচি তৈরির কাজ শুরু করেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০২৭ সালের জানুয়ারি থেকে দেশজুড়ে জনগণনার প্রথম পর্যায়ের বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহের কাজ শুরু হওয়ার কথা। এই প্রক্রিয়া চলবে ১ মার্চ পর্যন্ত। রাজ্যের বিপুল সংখ্যক স্কুলশিক্ষক জনগণনার কাজে যুক্ত থাকবেন। অন্যদিকে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ফেব্রুয়ারি মাসে পরীক্ষা শুরু হলে পরীক্ষাকেন্দ্রে প্রয়োজনীয় শিক্ষক ও পরিদর্শক পাওয়া নিয়ে সমস্যা দেখা দিতে পারে। সেই কারণেই পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের ভাবনা শুরু হয়েছে।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অসিত মণ্ডল জানিয়েছেন, “মাধ্যমিক পিছলে উচ্চমাধ্যমিকও পিছতে হবে। অন্য কোনও উপায় নেই। মাধ্যমিকের সিদ্ধান্ত দেখে নিয়ে আমরা পরিবর্তিত সূচি তৈরি করে রাজ্য সরকারকে প্রস্তাব আকারে পাঠাব।”

উল্লেখ্য, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষা ১৫ ফেব্রুয়ারির পরিবর্তে ২ মার্চ থেকে শুরু করার প্রস্তাব দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। পর্ষদ সভাপতি লালু দাস সোমবার এই বিষয়ে স্কুলশিক্ষা দপ্তরের কমিশনারকে চিঠি দিয়েছেন। প্রস্তাবিত সূচি অনুযায়ী, ২ থেকে ১৬ মার্চ পর্যন্ত মাধ্যমিক পরীক্ষা নেওয়ার কথা বলা হয়েছে।

এই প্রস্তাব নিয়ে বুধবার স্কুলশিক্ষা দপ্তরে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক হওয়ার কথা। স্কুলশিক্ষা মন্ত্রী দীপক বর্মণ জানিয়েছেন, পর্ষদের পাঠানো প্রস্তাব নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, মাধ্যমিকের সূচি বদলের প্রস্তাব সামনে আসার পর উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদও নিজেদের পরীক্ষার সময়সূচি পুনর্বিন্যাসের বিষয়ে পদক্ষেপ করেছে। সংসদ সূত্রের খবর, ১৬ মার্চের পর থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু করার বিষয়টি বিবেচনা করা হচ্ছে। সেই অনুযায়ী নতুন খসড়া সূচি তৈরির কাজ চলছে।

তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার পরিবর্তিত সূচি এখনও চূড়ান্ত হয়নি। রাজ্য স্কুলশিক্ষা দপ্তর এবং নবান্নের অনুমোদনের পরেই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। ফলে পরীক্ষার্থীদের আপাতত সরকারি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করতে হবে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.