প্রথম পাতা খবর পুজোর মুখে ফের নিম্নচাপের ভ্রূকুটি, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

পুজোর মুখে ফের নিম্নচাপের ভ্রূকুটি, বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

12 views
A+A-
Reset

কলকাতা: পুজোর পরিকল্পনায় বাগড়া দিতে পারে আবহাওয়া! উৎসবের মরশুমের মুখে ফের নিম্নচাপের ভ্রূকুটি বাংলায়। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে রবিবার থেকে ফের আবহাওয়ার উন্নতির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির বিশেষ পূর্বাভাস নেই।

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা

আবহাওয়া দফতরের পূর্বাভাস, মঙ্গলবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে। একই সময়ে আন্দামান সাগরে ঘূর্ণাবর্ত তৈরির সম্ভাবনাও রয়েছে। নিম্নচাপটি তৈরি হলেও তার অভিমুখ অন্ধ্রপ্রদেশের দিকে থাকতে পারে। পাশাপাশি আগামী দু’দিনের মধ্যে বাংলা থেকে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। রাঁচির উপর দিয়ে বর্তমানে বর্ষা বিদায়ের রেখা বিস্তৃত রয়েছে।

বৃহস্পতিবার থেকে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ

মঙ্গলবার ও বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। তবে বিকেলের দিকে আকাশ আংশিক মেঘলা হতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের দু’-একটি জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।

তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হওয়ার সম্ভাবনা কম। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে এবং দক্ষিণবঙ্গে ফের শুষ্ক আবহাওয়া ফিরে আসতে পারে।

উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

উত্তরবঙ্গে সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত মূলত শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে বর্ষা বিদায়ের অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে। তবে শুক্রবার ও শনিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

ধীরে ধীরে কমতে পারে তাপমাত্রা

বর্ষা বিদায়ের সঙ্গে সঙ্গে রাজ্যে তাপমাত্রা ধীরে ধীরে কমতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। কলকাতায় সোমবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.১ ডিগ্রি সেলসিয়াস। রবিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ৬৩ থেকে ৯৭ শতাংশ।

পুজোর আগে আবহাওয়ার এই ওঠানামায় বাইরে বেরোনোর পরিকল্পনা করার আগে স্থানীয় আবহাওয়ার পূর্বাভাস দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.