কালীপুজোর আগে ফের নামতে পারে বাংলার তাপমাত্রা। আগামী ২৪ ঘণ্টায় রাজ্যের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে বলে পূর্বাভাস। ফলে সকাল ও সন্ধ্যায় মনোরম আবহাওয়া থাকবে। পশ্চিমের জেলাগুলিতে ভোর ও রাতে হালকা শীতের অনুভূতিও মিলতে পারে। তবে কালীপুজো মিটতেই রাজ্যের আবহাওয়ায় ফের পরিবর্তনের সম্ভাবনা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।
আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, উত্তরবঙ্গে নতুন করে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি অসমের ঘূর্ণাবর্তের প্রভাব সংলগ্ন বাংলাদেশের উপরেও পড়েছে। এই দুই পরিস্থিতির জেরে সপ্তাহের শুরুতে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হতে পারে।
কালীপুজো পর্যন্ত শুষ্ক আবহাওয়া
রবিবার কালীপুজোর দিন পর্যন্ত রাজ্যের আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। কলকাতায় আজ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। আকাশ পরিষ্কার থাকার পূর্বাভাস রয়েছে। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২১.২ ডিগ্রি সেলসিয়াস।
সোমবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি
সোমবার থেকেই দক্ষিণবঙ্গের আবহাওয়ার পরিবর্তন শুরু হতে পারে। কলকাতা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া ও মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে। কলকাতা, দুই ২৪ পরগনা এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গেও বৃষ্টির পূর্বাভাস
উত্তরবঙ্গেও সপ্তাহের শুরু থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দু-এক জায়গায় দমকা হাওয়া বইতে পারে।
বুধবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
ঘূর্ণাবর্তের প্রভাব কাটলে রাজ্যে শীতের অনুভূতি আরও বাড়তে পারে বলে মনে করছেন আবহবিদরা। ফলে কালীপুজোর পর থেকেই আবহাওয়ায় একদিকে যেমন বৃষ্টির প্রভাব দেখা যেতে পারে, তেমনই ধীরে ধীরে বাড়তে পারে শীতের আমেজ।