প্রথম পাতা খবর রাহুল-মমতার দীর্ঘ ফোনালাপ, ৬ জুনের ইন্ডিয়া জোটের বৈঠক ঘিরে জোর জল্পনা

রাহুল-মমতার দীর্ঘ ফোনালাপ, ৬ জুনের ইন্ডিয়া জোটের বৈঠক ঘিরে জোর জল্পনা

10 views
A+A-
Reset

সদ্যসমাপ্ত একাধিক রাজ্যের বিধানসভা নির্বাচনে বিরোধী শিবিরের হতাশাজনক ফলাফলের পর আগামী ৬ জুন অনুষ্ঠিত হতে চলা ইন্ডিয়া জোটের বৈঠককে ঘিরে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এরই মধ্যে বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর মধ্যে দীর্ঘ ফোনালাপের খবর সামনে আসায় জল্পনা আরও বেড়েছে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার দুই শীর্ষ বিরোধী নেতার মধ্যে গুরুত্বপূর্ণ রাজনৈতিক আলোচনা হয়েছে। একইসঙ্গে খবর, তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ৬ জুনের বৈঠকে যোগ দিতে পারেন। ফলে বৈঠকটির রাজনৈতিক গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে ইন্ডিয়া জোটের একাধিক শরিক দলের ফলাফল আশানুরূপ হয়নি। বাংলায় তৃণমূল কংগ্রেস ক্ষমতা হারিয়েছে। অন্যদিকে কেরলে বাম শিবির বড় ধাক্কা খেয়েছে। তামিলনাড়ুতেও ক্ষমতায় ফিরতে পারেনি ডিএমকে। সেখানে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে বিজেপি-বিরোধী শক্তিগুলির ভবিষ্যৎ কৌশল কী হবে, তা নিয়েই মূলত আলোচনা হতে পারে বৈঠকে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, শুধু বিজেপি বিরোধিতার প্রশ্ন নয়, বরং বিরোধী দলগুলির নিজেদের রাজনৈতিক অস্তিত্ব ও সংগঠন পুনর্গঠনের বিষয়টিও বৈঠকের আলোচ্যসূচিতে গুরুত্ব পেতে পারে। সেই কারণেই রাহুল-মমতা ফোনালাপকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

এদিকে জোটের ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। বিশেষ করে তামিলনাড়ুর রাজনৈতিক পরিস্থিতি ইন্ডিয়া জোটের অন্দরে অস্বস্তি বাড়িয়েছে বলে সূত্রের খবর। নির্বাচনে কংগ্রেস ও ডিএমকে একসঙ্গে লড়াই করলেও ফল প্রকাশের পর কংগ্রেসের একাংশ টিভিকের দিকে ঝুঁকেছে বলে রাজনৈতিক মহলে আলোচনা চলছে। ফলে ডিএমকে ভবিষ্যতে জোটে থাকবে কি না, তা নিয়েও প্রশ্ন উঠছে।

অন্যদিকে কেরলে ক্ষমতা হারানোর পর সিপিএম নেতৃত্বের অবস্থানও নজরে রয়েছে। বাম শিবির আগামী দিনে ইন্ডিয়া জোটে কতটা সক্রিয় ভূমিকা নেবে, তা নিয়েও কৌতূহল রয়েছে রাজনৈতিক মহলে। সব মিলিয়ে ৬ জুনের বৈঠক শুধু একটি সাংগঠনিক বৈঠক নয়, বরং বিরোধী রাজনীতির ভবিষ্যৎ রূপরেখা নির্ধারণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। ওই বৈঠকের পর বিজেপি-বিরোধী শিবিরের পরবর্তী রাজনৈতিক অবস্থান অনেকটাই স্পষ্ট হবে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.