কলকাতা: কলকাতা পুর এলাকার স্কুলগুলিতে মিড ডে মিলে আমিষের পরিবর্তে নিরামিষ খাবার দেওয়ার সিদ্ধান্ত এবং সেই খাবার সরবরাহের দায়িত্ব ইসকনকে দেওয়াকে কেন্দ্র করে কলকাতা হাই কোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হল এবং কোন প্রক্রিয়ায় ইসকনকে দায়িত্ব দেওয়া হয়েছে, তা নিয়ে প্রশ্ন তুলেছেন মামলাকারী। আগামী মঙ্গলবার এই মামলার শুনানি হতে পারে বলে আদালত সূত্রে জানা গিয়েছে।
রাজ্যে সরকার পরিবর্তনের পর গত ২৪ জুন বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। বাজেট ঘোষণার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, কলকাতা পুর এলাকার স্কুলগুলিতে মিড ডে মিল সরবরাহের দায়িত্ব ইসকনকে দেওয়া হয়েছে।
সরকারের দাবি, গুজরাট-সহ দেশের একাধিক রাজ্যে ইসকন দীর্ঘদিন ধরেই মিড ডে মিল প্রকল্পের সঙ্গে যুক্ত। ইসকন কলকাতার তৎকালীন সহ-সভাপতি রাধারমণ দাস জানিয়েছেন, নতুন মেনুতে সোয়াবিন, রাজমা, পনিরের মতো উচ্চ প্রোটিনযুক্ত খাদ্যসামগ্রী রাখা হবে, যাতে পড়ুয়াদের পুষ্টির ঘাটতি না হয়।
তবে এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় অভিযোগ করা হয়েছে, আমিষ খাদ্য বাদ দেওয়ার ফলে পড়ুয়ারা প্রয়োজনীয় পুষ্টি থেকে বঞ্চিত হতে পারে। একই সঙ্গে, এতদিন মিড ডে মিল প্রকল্পের সঙ্গে যুক্ত স্বনির্ভর গোষ্ঠীর বহু মহিলা কর্মসংস্থানের সুযোগ হারাতে পারেন বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
মামলাকারীর আরও দাবি, একটি ধর্মীয় সংগঠনকে এই দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে কোনও বিশেষ উদ্দেশ্য বা পক্ষপাতিত্ব রয়েছে কি না, তা আদালতের পর্যবেক্ষণে খতিয়ে দেখা প্রয়োজন। এই বিষয়ে আদালতের হস্তক্ষেপ চেয়ে আবেদন করা হয়েছে।
এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক এবং সামাজিক মহলে বিতর্ক শুরু হয়েছে। আগামী মঙ্গলবার কলকাতা হাই কোর্টে মামলার শুনানিতে এই বিষয়ে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।