প্রথম পাতা খবর রবিবার ১০ ঘণ্টার ‘পাওয়ার ব্লক’, শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন

রবিবার ১০ ঘণ্টার ‘পাওয়ার ব্লক’, শিয়ালদহ-ডানকুনি শাখায় বাতিল একাধিক লোকাল ট্রেন

7 views
A+A-
Reset

কলকাতা: পরিকাঠামো উন্নয়ন ও নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে ফের ‘পাওয়ার ব্লক’-এর ঘোষণা করল পূর্ব রেল। আগামী রবিবার শিয়ালদহ-ডানকুনি শাখায় প্রায় ১০ ঘণ্টা ট্রেন চলাচলে আংশিক প্রভাব পড়বে। এর জেরে একাধিক লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। পাশাপাশি, বেশ কয়েকটি মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথও পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ।

পূর্ব রেলের বিজ্ঞপ্তি অনুযায়ী, বরাহনগর ও দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যবর্তী রেলসেতুর গার্ডার পরিবর্তনের কাজ করা হবে। সেই কারণে রবিবার রাত ১টার পর থেকে ওই অংশে ‘পাওয়ার ব্লক’ কার্যকর হবে। প্রায় ১০ ঘণ্টা ধরে চলবে এই কাজ। রবিবার সকাল ১১টার পর থেকে ফের স্বাভাবিকভাবে ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছে রেল।

পাওয়ার ব্লকের কারণে শিয়ালদহ-ডানকুনি শাখার আপ ও ডাউন লাইনে মোট আট জোড়া লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। শুধু এই শাখাই নয়, শিয়ালদহ-কল্যাণী সীমান্ত, শিয়ালদহ-নৈহাটি, বিধাননগর রোড-নৈহাটি, শিয়ালদহ-হাবরা এবং নৈহাটি-ব্যান্ডেল শাখারও একাধিক ট্রেন বাতিল থাকবে।

এছাড়াও, কয়েকটি গুরুত্বপূর্ণ দূরপাল্লার ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। শিয়ালদহ-আগরতলা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং অকল তখত এক্সপ্রেস দমদম-নৈহাটি রুট দিয়ে চলবে। ডাউন লাইনে দার্জিলিং মেল, উত্তরবঙ্গ এক্সপ্রেস, পদাতিক এক্সপ্রেস, কাঞ্চনকন্যা এক্সপ্রেস, আগরা ক্যান্ট-কলকাতা এক্সপ্রেস এবং শিয়ালদহ রাজধানী এক্সপ্রেসও দমদম-নৈহাটি রুট ব্যবহার করবে। অন্যদিকে, পুরী-শিয়ালদহ দুরন্ত এক্সপ্রেস বর্ধমান হয়ে নৈহাটি রুট দিয়ে শিয়ালদহে পৌঁছবে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের অসুবিধা কমানোর জন্যই সপ্তাহান্তে এই কাজের পরিকল্পনা করা হয়েছে। শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা বলেন, “পরিকাঠামোকে সর্বোচ্চ নিরাপত্তার মানে বজায় রাখতে রেলসেতুর গার্ডার পরিবর্তন অত্যন্ত প্রয়োজনীয়। যাত্রীদের আরও নিরাপদ ও দ্রুত পরিষেবা দিতে রেল প্রতিশ্রুতিবদ্ধ।”

রেলের তরফে যাত্রীদের যাত্রার আগে ট্রেনের সময়সূচি ও পরিষেবার পরিবর্তন সম্পর্কে খোঁজ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.