নিজস্ব সংবাদদাতা: ভারতীয় চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী রেখাকে বিশেষ সম্মান জানাতে চলেছে ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল অব মেলবোর্ন (IFFM)। ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ বছরের মর্যাদাপূর্ণ ‘Excellence in Cinema Award’ প্রদান করা হবে। শুধু তাই নয়, উৎসবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি জাতীয় পতাকাও উত্তোলন করবেন।
এবারের উৎসবে প্রদর্শিত হবে রেখার অভিনীত কালজয়ী ছবি ‘উমরাও জান’। সেই প্রসঙ্গে আবেগঘন প্রতিক্রিয়া জানিয়ে রেখা বলেন, “‘উমরাও জান’ চরিত্রটি কখনওই আমাকে ছেড়ে যায়নি। সে আমার স্মৃতিতে, আমার নীরবতায় এবং সেই সব মানুষের হৃদয়ে বেঁচে আছে, যাঁরা বছরের পর বছর ধরে তাকে অকৃত্রিম ভালোবাসায় আপন করে নিয়েছেন। বিশ্বমঞ্চে এই চলচ্চিত্রকে আবার উদযাপিত হতে দেখা আমার জন্য অত্যন্ত আবেগঘন অভিজ্ঞতা।”
এই সম্মান প্রসঙ্গে তিনি আরও বলেন, “চলচ্চিত্র আমার জীবনের শ্রেষ্ঠ আশীর্বাদ। আইএফএফএমে ‘Excellence in Cinema Award’ পাওয়া সত্যিই বিশেষ এক প্রাপ্তি। এই সম্মান শুধু আমার যাত্রার স্বীকৃতি নয়, বরং সেই সব চলচ্চিত্র নির্মাতা, লেখক, সঙ্গীতশিল্পী ও সহকর্মীদের প্রতিও শ্রদ্ধাঞ্জলি, যাঁরা আমার শিল্পীজীবনকে সমৃদ্ধ করেছেন।”
অন্যদিকে, আইএফএফএম-এর প্রতিষ্ঠাতা ও উৎসব পরিচালক মিতু ভৌমিক ল্যাঞ্জ বলেন, “খুব কম শিল্পীই আছেন, যাঁদের উপস্থিতি চলচ্চিত্রের সীমানা ছাড়িয়ে একটি জাতির সাংস্কৃতিক চেতনার অংশ হয়ে ওঠে। রেখাজি তেমনই এক কালজয়ী আইকন। তাঁর অসাধারণ অভিনয়, মার্জিত ব্যক্তিত্ব এবং দীর্ঘ কর্মজীবনের ঐতিহ্য শুধু ভারতেই নয়, বিশ্বজুড়ে দর্শকদের অনুপ্রাণিত করেছে।”
রেখাকে এই বিশেষ সম্মান প্রদানের ঘোষণার পর থেকেই সিনেমাপ্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। ‘উমরাও জান’-এর বিশেষ প্রদর্শনীও এবারের উৎসবের অন্যতম আকর্ষণ হতে চলেছে।