হাওড়া টাউন হলে শনিবার, ১২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হল এক অনন্য আধ্যাত্মিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরু থেকে শেষ পর্যন্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীরামকৃষ্ণ স্বামী বিবেকানন্দ ইউনিভার্সিটির রেজিস্ট্রার স্বামী কালেশানন্দজী মহারাজ। শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা এবং স্বামী বিবেকানন্দের অমৃতবাণীর ব্যাখ্যার পাশাপাশি শতকণ্ঠে গান, বেদগান, গীতাপাঠ ও যোগনৃত্যের মাধ্যমে অনুষ্ঠানে তৈরি হয় ভাবগম্ভীর পরিবেশ।
অনুষ্ঠানটির আয়োজন করে বেলুড় মঠের ভাবাদর্শে গড়ে ওঠা সাত্রাগাছি শ্রীশ্রী মা গোষ্ঠী, আত্মান্বেষণ যোগ মন্দির এবং সুরবীর মিউজিক।
শতকণ্ঠে বন্দেমাতরম দিয়ে সূচনা
অনুষ্ঠানের শুরুতেই স্বামী কালেশানন্দজী মহারাজকে তিন আয়োজক সংস্থা এবং উপস্থিত শ্রোতৃমণ্ডলীর পক্ষ থেকে শঙ্খধ্বনি ও পুষ্পার্ঘ্যের মাধ্যমে স্বাগত জানানো হয়। এরপর তিনি শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা ও স্বামী বিবেকানন্দের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন। শতকণ্ঠে প্রণাম মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে তৈরি হয় এক আবেগঘন আধ্যাত্মিক আবহ।
এরপর বন্দেমাতরম গানের ইতিহাস ও তাৎপর্য ব্যাখ্যা করে শত শত কণ্ঠে গানটি পরিবেশন করা হয়। স্বামী কালেশানন্দজী মহারাজ-সহ উপস্থিত সকলে দাঁড়িয়ে সম্পূর্ণ শ্রদ্ধার সঙ্গে বন্দেমাতরম গান করেন।
বেদগান, গীতাপাঠে অন্য আবহ
এরপর শুরু হয় বেদগান ও গীতাপাঠ। শত শত কণ্ঠের সঙ্গে স্বামী কালেশানন্দজী মহারাজও এতে অংশ নেন। অনুষ্ঠানে উপস্থিত দর্শক-শ্রোতারাও এই পর্বে আবেগাপ্লুত হয়ে পড়েন।
পরবর্তী পর্বে ভাষ্যপাঠের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের গান এবং দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। শ্রীরামকৃষ্ণ, শ্রীমা সারদা ও স্বামী বিবেকানন্দের প্রতি শ্রদ্ধা নিবেদন করে হাওড়া ও কলকাতার বিভিন্ন প্রান্ত থেকে আসা শিল্পীরা একাধিক গান পরিবেশন করেন।
যোগাভ্যাসের মাধ্যমে যোগনৃত্য
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল যোগাভ্যাসের মাধ্যমে উপস্থাপিত যোগনৃত্যানুষ্ঠান। যোগচর্চা ও নৃত্যের এই অভিনব মেলবন্ধন দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে। আধ্যাত্মিকতা, সংগীত ও ভারতীয় সংস্কৃতির নানা উপাদান মিলিয়ে অনুষ্ঠানের এই পর্ব হয়ে ওঠে বিশেষ আকর্ষণের।
তিন সংস্থার উদ্যোগের কথা তুলে ধরা হয়
অনুষ্ঠানে আয়োজক সংস্থাগুলির কর্মকাণ্ড ও ভাবাদর্শের কথা তুলে ধরেন সাত্রাগাছি শ্রীশ্রী মা গোষ্ঠীর পক্ষে মৌসুমি মুখোপাধ্যায়, আত্মান্বেষণ যোগ মন্দিরের পক্ষে মধুমিতা বোধক এবং সুরবীর মিউজিকের পক্ষে সঙ্গীতশিল্পী সুবীর সেন।
আয়োজকদের বক্তব্য অনুযায়ী, সাত্রাগাছি শ্রীশ্রী মা গোষ্ঠী ২০১৫ সালে বেলুড় মঠের ভাবাদর্শে স্বামী ভবেশানন্দজী মহারাজের উদ্যোগে কয়েকজনকে নিয়ে গড়ে ওঠে।
অংশ নেন বহু শিল্পী
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন জয়া ভট্টাচার্য, মিতালি মুখার্জি, ববিতা রায়, মৌসুমি মুখার্জি, মধুমিতা বোধক, শেলীরায়, মীনা রায়, এলমি দাস, দীপঙ্কর দাস, দীপিকা পাড়ুই, সুতপা নন্দা, তপতী রায়, ব্রততী দাস, শিপ্রা মুখার্জি, সৃজনী মুখার্জি, রীতা, নিবেদিতা, কল্লোল মুখার্জি, পারমিতা, পার্বতী, কাকলি, কৃষ্ণা, শুভ্রা-সহ আরও অনেকে। কলকাতার বিভোর-এর শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পঙ্কজ চট্টোপাধ্যায়। শতকণ্ঠের সংগীত, আধ্যাত্মিক আলোচনা, বেদগান, গীতাপাঠ ও যোগনৃত্যের সমন্বয়ে অনুষ্ঠানটি উপস্থিত সকলের মন জয় করে নেয়।