প্রথম পাতা খবর শ্রীরামপুরে ২৬ সেপ্টেম্বর মমতার সভায় অনুমতি হাই কোর্টের, ১ হাজারের বেশি জমায়েত নয়

শ্রীরামপুরে ২৬ সেপ্টেম্বর মমতার সভায় অনুমতি হাই কোর্টের, ১ হাজারের বেশি জমায়েত নয়

7 views
A+A-
Reset

শ্রীরামপুর: শ্রীরামপুরের কোর্ট ময়দানে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা করার অনুমতি দিল কলকাতা হাই কোর্ট। আগামী ২৬ সেপ্টেম্বর কালীঘাট তৃণমূলকে ওই মাঠে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়েছে। তবে সভার জন্য একাধিক শর্তও বেঁধে দিয়েছে আদালত।

বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের নির্দেশ, ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কর্মসূচি করা যাবে। সর্বাধিক ১,০০০ জন সেখানে উপস্থিত থাকতে পারবেন। একই সঙ্গে জিটি রোডে কোনও মিছিল করা যাবে না। কর্মসূচির কারণে যাতে জিটি রোডে যান চলাচল ব্যাহত না হয়, তা নিশ্চিত করার নির্দেশও দিয়েছে আদালত।

কালীঘাট তৃণমূলের তরফে ২,০০০ জনের জমায়েতের অনুমতি চাওয়া হয়েছিল। তাতে আপত্তি জানায় রাজ্য। রাজ্যের বক্তব্য ছিল, শ্রীরামপুর কোর্ট ময়দান তুলনামূলক ভাবে সংকীর্ণ। মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে জ়েড প্লাস নিরাপত্তা পান। নিরাপত্তার কারণে তাঁর সামনে ও আশপাশে নির্দিষ্ট জায়গা ফাঁকা রাখতে হবে। সেই জায়গা বাদ দিয়ে ২,০০০ মানুষের জমায়েত হলে ভিড়ের চাপে বিপদের আশঙ্কা রয়েছে বলে রাজ্যের তরফে আদালতে জানানো হয়।

তৃণমূলের হয়ে পাল্টা সওয়াল করেন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, মাঠে বড় জমায়েত সামলানোর নজির রয়েছে। সেখানে শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে প্রায় ৫০ হাজার মানুষের উপস্থিতির কথাও তিনি আদালতে উল্লেখ করেন। দু’পক্ষের বক্তব্য শোনার পর আদালত সর্বাধিক ১,০০০ জনকে নিয়ে কর্মসূচির অনুমতি দেয়।

এর আগে ১১ সেপ্টেম্বর শ্রীরামপুরের মাহেশে কালীঘাট তৃণমূলের একটি কর্মসূচির পরিকল্পনা ছিল। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়েরও উপস্থিত থাকার কথা ছিল। কালীঘাট তৃণমূলের পরিকল্পনা ছিল, মাহেশ থেকে শ্রীরামপুর কোর্ট পর্যন্ত মিছিল করে পরে সভা করা হবে। কিন্তু মিছিলের অনুমতি না মেলায় বিষয়টি কলকাতা হাই কোর্টে গড়ায়।

এর আগে বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ মাহেশের জগন্নাথ দেব স্নানপিঁড়ি ময়দানে শর্তসাপেক্ষে সভার অনুমতি দিয়েছিল। সেই নির্দেশে ২,০০০ জনের বেশি জমায়েত করা যাবে না এবং জিটি রোডে কোনও মিছিল করা যাবে না বলে জানানো হয়েছিল।

তবে ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার এবং জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ড। মাঠটি ব্যক্তিগত সম্পত্তি এবং সেখানে রাজনৈতিক কর্মসূচি করার অনুমতি দেওয়া উচিত নয় বলে আপত্তি জানানো হয়। পরে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ বিষয়টি ফের একক বেঞ্চে পাঠিয়ে দেয় এবং নতুন করে বিষয়টি বিবেচনার নির্দেশ দেয়।

সেই প্রেক্ষাপটেই এবার মাহেশের পরিবর্তে শ্রীরামপুর কোর্ট ময়দানে ২৬ সেপ্টেম্বর মমতার সভার অনুমতি দিল বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ। তবে জমায়েত, সময় এবং জিটি রোডে মিছিল নিয়ে আদালতের নির্ধারিত শর্তগুলি মানতে হবে তৃণমূলকে।

আরও খবর

মন্তব্য করুন

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.