কলকাতা: অন্নপূর্ণা যোজনা এবং বিধবাভাতা—দুই প্রকল্পের আর্থিক সুবিধা একসঙ্গে আর পাওয়া যাবে না। এতদিন যে উপভোক্তারা দু’টি প্রকল্পেরই সুবিধা পাচ্ছিলেন, তাঁদের এবার থেকে যে কোনও একটি প্রকল্প বেছে নিতে হবে। এই মর্মে নির্দেশিকা জারি করেছে রাজ্যের নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর।
দপ্তরের সচিবের জারি করা নির্দেশিকা পাঠানো হয়েছে কলকাতা পুরসভার কমিশনার এবং রাজ্যের সমস্ত জেলাশাসকের কাছে। নির্দেশিকায় বলা হয়েছে, যে সব বিধবাভাতা প্রাপক বর্তমানে অন্নপূর্ণা যোজনার সুবিধাও পাচ্ছেন, তাঁদের লিখিত ভাবে জানাতে হবে—কোন ভাতা তাঁরা চালু রাখতে চান এবং কোনটি ছাড়তে চান।
এর জন্য নির্দিষ্ট ফর্ম পূরণ করতে হবে উপভোক্তাকে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বিধবাভাতার পাশাপাশি অন্নপূর্ণা যোজনার আর্থিক সহায়তা পাওয়া উপভোক্তাদের তালিকা সমর্থ পোর্টালে রয়েছে। সেই তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট উপভোক্তাদের কাছ থেকে তাঁদের পছন্দ বা ‘অপশন’ সংগ্রহ করতে হবে।
কলকাতা পুরসভার কমিশনার এবং রাজ্যের সমস্ত জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে, উপভোক্তারা কোন প্রকল্পের সুবিধা চালু রাখতে চান, সেই তথ্য সংগ্রহ করে আগামী ২৯ সেপ্টেম্বরের মধ্যে সমর্থ পোর্টালে আপলোড করতে হবে।
রাজ্য সরকার অন্নপূর্ণা যোজনার মাধ্যমে মাসে ৩,০০০ টাকা এবং বিধবাভাতা প্রকল্পে মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা দেয়। ফলে দু’টি প্রকল্পের সুবিধা একসঙ্গে পাওয়া বন্ধ হলে সংশ্লিষ্ট উপভোক্তাদের একটি প্রকল্পের অর্থ সাহায্য বেছে নিতে হবে।
মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছিলেন, কোনও উপভোক্তা একই সঙ্গে বিধবাভাতা এবং অন্নপূর্ণা যোজনার টাকা পাবেন না। তবে দিব্যাঙ্গ ভাতা এবং কৃষকবন্ধু প্রকল্পের সঙ্গে অন্নপূর্ণা যোজনার সুবিধা নেওয়া যাবে। এবার দপ্তরের নির্দেশিকা জারি করে সেই নিয়ম কার্যকর করার প্রক্রিয়া শুরু হল।