গত ২৬ অগস্টের ভয়াবহ হড়পা বন্যার ক্ষত এখনও পুরোপুরি কাটেনি। তার মধ্যেই ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে নেপাল। টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে দেশের একাধিক জেলায় বন্যা ও ভূমিধসের ঘটনা ঘটেছে। সরকারি ও স্থানীয় সূত্রের খবর, এখনও পর্যন্ত অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে এবং ১৪ জন নিখোঁজ।
প্রবল বৃষ্টির জেরে পাহাড়ি এলাকায় একের পর এক ভূমিধস নেমে এসেছে। নদীগুলির জলস্তরও বেড়ে গিয়ে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছে বহু বাড়ি, রাস্তা ও সেতু। একাধিক গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগও ব্যাহত হয়েছে।
মানাং, মিয়াগদি, বাগলুং, পর্বত এবং পালপা-সহ গণ্ডকী প্রদেশের বেশ কয়েকটি এলাকা ভয়াবহ ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দক্ষিণাঞ্চলীয় তরাই এলাকারও কিছু অংশ জলমগ্ন হয়ে পড়েছে। ভারী বৃষ্টির কারণে উদ্ধার ও ত্রাণকাজও কঠিন হয়ে উঠেছে।
এরই মধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে নেপালের ভয়াবহ পরিস্থিতির একাধিক ভিডিয়ো। একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, বসতবাড়ির কাছেই পাহাড়ের বিশাল অংশ আচমকা ধসে পড়ছে। পাহাড়ের ঢাল থেকে মাটি, পাথর ও ধ্বংসস্তূপ নীচের দিকে নেমে আসতেই আতঙ্কে চিৎকার করে ওঠেন স্থানীয় বাসিন্দারা। অন্য একটি ঘটনায় পাহাড়ের একটি অংশ কালীগণ্ডকী নদীতে গিয়ে পড়তে দেখা গিয়েছে।
বাগলুং, মিয়াগদি, মানাং, পালপা-সহ বিভিন্ন জেলায় প্রাণহানির খবর মিলেছে। পুলিশ ও প্রশাসনের তরফে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চলছে। খারাপ আবহাওয়া এবং রাস্তা ক্ষতিগ্রস্ত হওয়ায় বেশ কিছু এলাকায় পৌঁছনো কঠিন হয়ে পড়েছে।
আগের ভয়াবহ বন্যার মাত্র এক মাসের মধ্যেই নতুন করে বন্যা ও ভূমিধসের পরিস্থিতি তৈরি হওয়ায় নেপালে উদ্বেগ বেড়েছে।